![]() |
| চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে ১৬ জন আটক, ৬২ লাখ টাকার মালামাল জব্দ |
মো. নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম:
চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও শুঁটকিসহ প্রায় ৬২ লাখ টাকার মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কর্ণফুলী থানাধীন ব্রিজ ঘাট সংলগ্ন কর্ণফুলী নদী দিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট চট্টগ্রামে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে দুটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৩ লাখ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট, ২ হাজার ৬০০ কেজি শুঁটকি এবং পাচার কাজে ব্যবহৃত কার্গো বোট জব্দ করা হয়। একই সঙ্গে জড়িত ১৬ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দ করা মালামাল ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

