![]() |
| চট্টগ্রামে বাসায় ইয়াবা তৈরির মেশিন, ১৯ বছরের তরুণ গ্রেপ্তার |
ইউটিউব দেখে ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শেখার দাবি পুলিশের
মো. নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম:
চট্টগ্রামে ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন স্থাপন করে মাদক উৎপাদন ও বিক্রির অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ইয়াবা তৈরির মেশিন, দুই পিস ইয়াবা এবং মাদক তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তৌহিদুল আলম আকিব (১৯) নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। তিনি পটিয়া উপজেলার কুলাগাঁও এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। বর্তমানে হাটহাজারীর কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনে ভাড়া বাসায় থাকতেন তিনি।
চান্দগাঁও থানা-পুলিশ জানায়, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আকিবকে তল্লাশি করে দুই পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর কুয়াইশ এলাকায় তাঁর ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে বাসাটির চতুর্থ তলা থেকে একটি ইয়াবা তৈরির মেশিন ও মাদক তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে আকিব দাবি করেছেন, ইউটিউবের ভিডিও দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় তিনি ইয়াবা তৈরির কৌশল শেখেন। পরে নারায়ণগঞ্জ থেকে একটি মেশিন কিনে ভাড়া বাসায় স্থাপন করেন। ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলেও তিনি পুলিশকে জানিয়েছেন।
পুলিশ জানায়, অভিযানে উদ্ধার করা উপকরণের মধ্যে রয়েছে কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল এবং ইয়াবার আকার নির্ধারণের একটি স্লাইড ক্যালিপার্স। উদ্ধার করা মেশিনটির আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার আকিবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

