তফসিলের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে : মওদুদ আহমেদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ০৫, ২০১৮

তফসিলের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে : মওদুদ আহমেদ

নিউজ ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের ‘নাগরিক সমাবেশ’-এ তিনি এ দাবি জানান।
মওদুদ বলেন, ধীরে ধীরে আমরা যতই সাধারণ নির্বাচনের কাছাকাছি যাচ্ছি এই সরকার আরও বেপরোয়া হয়ে উঠছে। যত রকমের কৌশল করা যায়, সেগুলো তারা করছে। যাতে একটা সুষ্ঠু নির্বাচন না হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই কমিশনকে পুনর্গঠন করতে হবে। দুই সিটিতে সরকারি দলের লোকজন আচরণবিধি লঙ্ঘন করছে। কিন্তু কমিশন একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। তফসিল ঘোষণার আগে কমিশনকে পুনর্গঠন করতে হবে। সুষ্ঠু নির্বাচন করতে এমন কাউকে কমিশনে আনতে হবে। তারা যা করছে সরকারি দলের প্রার্থীদের বিজয়ী করার জন্য আর আমাদের প্রার্থীকে পরাজিত করার জন্য।
বিএনপি নেতা বলেন, নির্বাচন কমিশন এমনভাবে পরিকল্পনা করছে যাতে আমরা নির্বাচনে যেতে চাইলেও যেতে না পারি। সেখানে সরকারি দলের লোকজনকে সুবিধা দেয়ার জন্য তাদের স্বার্থরক্ষার জন্য। আমার নির্বাচনী এলাকা, আপনারা অবাক হয়ে যাবেন। আমাদের অনেক নেতার আসনের বেলায় এমন পক্ষপাতিত্ব করেছে নির্বাচন কমিশন।
তিনি আরও বলেন, নোয়াখালী-৫ আসনে যোগাযোগমন্ত্রী (সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী) বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। রাজনৈতিক কারণে আমার আসনটি কেটে নেয়া হয়েছে অন্য নির্বাচনী আসনে।’
সাবেক এ মন্ত্রী বলেন, সরকার খালেদা জিয়াকে কারাগারে রেখে, নেতাকর্মীদের মামলা দিয়ে, নিজেদের পছন্দমতো সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচনের ষড়যন্ত্র করছে। আমরা এই ষড়যন্ত্র থেকে মুক্তি চাই। কিন্তু আগামী নির্বাচনে সরকারের এই ষড়যন্ত্র কাজে আসবে না।
আয়োজক সংগঠনের উপদেষ্টা হাজি মোহাম্মদ মাসুক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ।

Post Top Ad

Responsive Ads Here