জাহিদ হাসান, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ন্যায় জামালপুর - ৪ আসনেও লেগেছে ভোটের হাওয়া। নির্বাচনী আলোচনা ও পর্যালোচনায় হাট বাজার, হোটেল-রেস্তোরা, চা’র দোকানসহ সর্বত্র ভোটের আলোচনা তুঙ্গে।
জেলার অন্যান্য আসনের মতো জামালপুর - ৪ আসনেও কে পাচ্ছে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন এ নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনাও চলছে ভোটারদের মুখে। জামালপুরে সরিষাবাড়ীতে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড ঘুরে দেখা গেছে ভোটারদের মাঝে বেশ কিছু প্রার্থীর নাম উঠে এসেছে। নতুন মুখের আশা করছেন তরুণ ভোটাররা। ভোটারদের নতুন মুখের আশার ফাকেই দেখা দিয়েছে নতুন সম্ভাব্য প্রার্থীর মুখ। জামালপুর-৪ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর তালিকায় এক ডজন প্রবীণ ও নবীণ নেতৃবৃন্দের নাম থাকলেও নতুন করে আলোচনায় আসছে সম্ভাব্য এম পি প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের বাসিন্দা ফজলুল হক। জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির সদস্য, সাবেক সহ সম্পাদক কেন্দ্রীয় উপ কমিটি ও ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সভাপতি ফজলুল হক দীর্ঘদিন যাবত স্থানীয় মানুষের সুখে দুঃখে পাশে থাকার কারণে সবার ভালবাসা তিনি বরাবরই পেয়েছেন। ব্যক্তি ফজলুল হক সৎ রাজনীতিবিদ হিসেবে সকল মহলে পরিচিত। দল ও ব্যক্তিগত জনপ্রিয়তা দিয়েই তিনি নির্বাচিত হতে পারবেন বলে মনে করেন অনেকেই। মনোনয়ন প্রত্যাশী ফজলুল হক এই প্রতিবেদনকে জানান, আমি সব সময়ই গরীব-দুঃখী মানুষের পাশে থাকতে ভালোবাসি। তাদের পাশে থাকতে আমার খুব ভাল লাগে। আমি আমার সাধ্যমত গরিব দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা করি। এছাড়াও আমার জীবনে চাওয়া-পাওয়া বলতে কিছু নেই। মানুষের ভালবাসা নিয়েই জীবনের বাকীটা সময় কাটাতে চাই। তাদের সুখ-দুঃখের পাশে থেকে সেবা করার সুযোগ চাই। তিনি আরো বলেন, আমি মনে করি আমার প্রতি উপজেলা বাসীর ভালোবাসা ও দোয়া থাকলে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জামালপুর - ৪ আসনে নৌকার মাঝি হওয়ার সুযোগ দেন তবে আমার মুল লক্ষ্যই হবে সরিষাবাড়ী বাসীর সুযোগ-সুবিধার দিকে নজর দেয়া। তিনি আরো জানান ইতিমধ্যে আমি দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেছি। তবে নেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে তার পক্ষেও কাজ করবো। নৌকার বিজয় হলেও আমাদের সবার বিজয়।

