উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী জনসভা শুরু করলেন এলজিআরডি মন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ১১, ২০১৮

উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী জনসভা শুরু করলেন এলজিআরডি মন্ত্রী


সঞ্জিব দাস, ফরিদপুর থেকে : 
ফরিদপুরে সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শুধুমাত্র উন্নয়নের জন্যই নয়, দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হলে আবারো সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। 

মঙ্গলবার বিকেলে ফরিদপুরের সদর উপজেলার চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

এলজিআরডি মন্ত্রী তার বক্তব্যে এসময় চাঁদপুর ইউনিয়নকে বোয়ালমারী উপজেলা হতে পৃথক করে ফরিদপুর সদর উপজেলার সাথে সম্পৃক্ত করার কথা উল্লেখ করে বলেন, আগামী নির্বাচনে জিততে পারলে চাঁদপুর ইউনিয়নে একটি কলেজ স্থাপন করবো। এখানে একটি মাতৃমঙ্গল হাসপাতাল করে দেবো। চাঁদপুর স্কুলে নতুন ভবনের কাজ শুরু হবে শিঘ্রই। আর এখানে বিদ্যুতের যে সংকট এখনো রয়েছে তা নিরসণে আগামীকাল থেকেই এখানে বিদ্যুতের খুটি স্থাপন শুরু হবে।

এলজিআরডি মন্ত্রী তার আমলে ফরিদপুরের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, গত ১০ বছরে যেই উন্নয়ন কাজ হয়েছে তা বিগত ৫০ বছরেও হয়নি। আমাকে আবারো নির্বাচিত করলে ফরিদপুরের কোন ছেলেমেয়েকে আর উচ্চ শিক্ষার জন্য ফরিদপুরের বাইরে যেতে হবে না। ফরিদপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করে দেবো। ফরিদপুর মেডিকেল কলেজকেও মেডিকেল বিশ্ববিদ্যালয় করবো। ফরিদপুরে ঢাকার মতো ডিভিশনাল হেডকোয়ার্টার করবো। সারাদেশের মধ্যে ফরিদপুরকে সবচেয়ে উন্নত জেলা হিসেবে গড়ে তুলবো।

এসময় মন্ত্রী ফরিদপুরের সন্ত্রাস নির্মূলের কথা উল্লেখ করে বলেন, আগামী নির্বাচনে নৌকা মার্কা বিজয়ী না হলে আপনাদের উপর মসিবত নাজিল হবে। আমরা গত ১০ বছর ফরিদপুরে খুব শান্তিতে বাস করছি। এই সময়ে আমাদের ফরিদপুরে কোন ছিনতাই-রাহাজানি হয় নাই। এই শান্তির ধারা যেনো ব্যাহত না হয়। 

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে টেকনো মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি যশোদাজীবন দেবনাথ বলেন, এলজিআরডি মন্ত্রীর হাতের ছোঁয়ায় ইতিমধ্যেই চাঁদপুর ইউনিয়নে ২২ কোটি টাকার উন্নয়ন কাজ শুরু হয়েছে। আগামীতে চাঁদপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করতে তিনি সকলের প্রতি নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুন্নাহার মহিদের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া, কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় সম্পাদক শ্যামল ব্যানার্জী, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহবায়ক এএইচএম ফোয়াদ হাসান প্রমুখ মঞ্চে উপস্থিত ছিলেন। 

এরপর সন্ধায় এলজিআরডি মন্ত্রী কানাইপুর ইউনিয়নের খাসকান্দিতে আরো একটি জনসভায় বক্তব্য দেন। চাঁদপুর ইউনিয়নের জনসভার মাধ্যমে এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোাসেন ফরিদপুর-৩ তথা সদর আসনে সংসদ নির্বাচনের প্রচারণা জনসভা শুরু করলেন।

Post Top Ad

Responsive Ads Here