আজিজুুুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি-হবিগঞ্জে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মেহেরুন্নেছা (৪৭) নামে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের কলিমনগর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। মেহেরুন্নেছা হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার শামছুজ্জামানের স্ত্রী।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত জিয়াউর রহমান জানান, গত দুই দিন আগে মেহেরুন্নেছা তার স্বামীর বাড়ি রাজনগর থেকে পিতার বাড়ি চুনারুঘাট উপজেলায় বেড়াতে যায়। বুধবার (৯ ডিসেম্বর) সকালে তাঁর পুত্র ছামী আহমেদের সাথে মোটরসাইকেলযোগে সেখান থেকে হবিগঞ্জ আসছিলেন।
বেলা ১২টার দিকে কলিমনগর এলাকায় পৌঁছলে মেহেরুন্নেছা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনীক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মিঠুন রায় তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে, মেহেরুন্নেছার মৃত্যুর খবর তার আত্মীয় স্বজনরা জানতে পেরে হাসপাতালে এসে ভিড় জমায়। এসময় স্বজনদের কান্নায় পুরো হাসপাতাল এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

