জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল-টাঙ্গাইলের চাঞ্চল্যকর গৃহবধূ মন্টি ঘোষ হত্যা মামলায় স্বামী রনি ঘোষকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় প্রদান করেন। দন্ডিত রনি ঘোষ টাঙ্গাইল শহরের সাহা পাড়ার রবি ঘোষের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের পিপি একেএম নাছিমুল আক্তার নাছিম জানান, মামলা চলাকালে দন্ডিত স্বামী রনি ঘোষ উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন। পরে সাজা হওয়ার ভয়ে তিনি আত্মগোপনে চলে যান। গৃহবধূ মন্টি ঘোষ হত্যা মামলায় স্বামী রনি ঘোষকে মৃত্যুদন্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে। তবে এ মামলায় গৃহবধূ মন্টি ঘোষের শশুর রবি ঘোষ ও জা পূর্ণিমা ঘোষের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেয়া হয়। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন, প্রবীণ আইনজীবী মো. আরফান আলী মোল্লা।
উল্লেখ্য, গাজীপুর জেলার নীলনগর গ্রামের শ্রীবাস ঘোষের মেয়ে মন্টি ঘোষের সাথে টাঙ্গাইল শহরের সাহা পাড়ার রবি ঘোষের ছেলে রনি ঘোষের ধর্মীয় রীতি অনুযায়ী বিগত ২০১৩ সালের ৩০ জুন বিয়ে হয়। বিয়ের মাত্র আড়াই মাসের মাথায় ১০ লাখ টাকা যৌতুকের জন্য বিগত ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর রাতে টাঙ্গাইল শহরের সাহা পাড়ার স্বামী রনি ঘোষসহ পরিবারের অন্যরা গৃহবধূ মন্টি ঘোষকে গলাটিপে হত্যা করে। এ বিষয়ে ১৫ সেপ্টেম্বর নিহতের মা চিনি ঘোষ বাদী হয়ে ৫জনকে অভিযুক্ত করে টাঙ্গাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ স্বামী রনি ঘোষ, শশুর রবি ঘোষ ও পূর্ণিমা ঘোষকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন।

