আবু মুসা নাটোর প্রতিনিধিঃ
বিনা অপরাধে ১৮ বছর ধরে মামলার ঘানিটানা সেই বাবলু শেখ কে মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বেলা ১১টায় নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিক আপলী মামলার শুনানী শেষে তাকে এই মামলা থেকে অব্যাহতি দেন। এছাড়া মামলার দুই তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পুলিশ সুপার সহ অন্যদের নির্দেশ দিয়েছে আদালত।
২০০১ সালের ১৫ এপ্রিল নাটোর সদর উপজেলার গাঙ্গইল গ্রামে একটি মারামারির মামলার আসামি শ্রী বাবুর পরিবর্তে সিংড়া উপজেলার আঁচলকোট গ্রামের বাবলু শেখকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ। এরপর তৎকালিন আইনজীবী লুৎফর রহমান বাবু, শ্রী বাবু নামেই বাবলু শেখের জমিন করান। সে থেকে বাবুল শেখ হয়ে যান শ্রী বাবু। দু’দফায় দুইমাস কারাভোগের পর ১৮ বছর ধরে হতদরিদ্র বাবলু শেখ নিজের সঠিক পরিচয় জানাতে ঘুরে বেড়িয়েছেন আদালতের বারান্দায়।
এরপর ২০১৬সালের ২৩জুন আদেশের বিরুদ্ধে আপীল করেন বাবলু শেখের বর্তমান আইনজীবী শামিম হোসেন। আজ সে মামলার আপীল শুনানী শেষে বিচারক বাবলু শেখকে মামলা থেকে অব্যাহতি দেন। এছাড়া দুই তদন্ত কর্মকর্তা সদর থানার তৎকালীন উপ পরিদর্শক মমিনুল ইসলাম এবং হেলেনা পারভিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এছাড়া সঠিক আসামী শ্রী বাবু কে আদালতে সোপর্দ এবং তৎকালীন আইনজীবী এবং নিম্ন আদালতকে সর্তক করে দেন আদালত।

