জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল -টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত এক গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার কামাক্ষামোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক উপজেলার দেউপুর চকপাড়া গ্রামের ময়সের উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৩২)।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, আমিনুল প্রতিদিন সকালে জোকারচর এলাকার একটি বেকারি কারখানা থেকে রুটি, বিস্কুট, কেক এনে বিভিন্ন দোকানে বিক্রি করে। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়ে জোকারচর ওই বেকারী কারখানাতে যাওয়ার পথে কামাক্ষামোড় এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী খবর পেয়ে নিহতের মরদেহ বাড়িতে নিয়ে আসে।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর শুনেছি। কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।

