সময় সংবাদ ডেস্ক//
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাতে ফিফার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম লেখা নীল রংয়ের একটি ১০ নাম্বার জার্সি শেখ হাসিনাকে উপহার দেন ইনফ্যান্তিনো। প্রধানমন্ত্রীও ইনফ্যান্তিনোর নাম খেলা লাল সবুজ বাংলাদেশ দলের একটি জার্সি উপহার দেন ফিফা সভাপতিকে। এ সময় আরও উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের ফুটবলের উন্নতির জন্য বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয়গুলো তুলে ধরেন। অপরদিকে বাংলাদেশের ফুটবলের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন ফিফা সভাপতি।
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর বাফুফে কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে ইনফ্যান্তিনোর। এরপর বেলা ২টা ২০ মিনিটে সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে অংশ নেবেন ফিফা সভাপতি। সব আনুষ্ঠানিকতা শেষ করে আজ বিকালে লাওসের উদ্দেশে বাংলাদেশ ছাড়বেন ফিফা সভাপতি।

