ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে এক কলেজ ছাত্র ও ট্রাক চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ফরিদপুরের শহরতলির বায়তুল আমান এলাকার উত্তর সাদিপুর গ্রামের একটি পুকুরে মাথা ঘুড়ে পরে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি কলেজের ৫ম সেমিষ্টারের ছাত্র রাসেল সেক (২২) এর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ওই যুবক বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। সে ওই এলাকার মাসুদ সেক এর পুত্র।
ফরিদপুর ফায়ার সর্ভিস ষ্টেশন অফিসার মোঃ প্রিন্স পাঠান জানান, স্থানীয়রা খবর দিলে শহরতলির বায়তুল আমান এলাকার উত্তর সাদিপুর গ্রামের একটি পুকুর থেকে ফরিদপুরে অবস্থিত ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি কলেজের ৫ম সেমিষ্টারের ছাত্র রাসেল সেককে উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এদিকে মেধাবী ছাত্র রাসেলের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অপরদিকে ফরিদপুরে বোয়ালমারীতে মৃত স্বজনের লাশের সৎকার শেষে বাড়ি ফেরার পথে একটি পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে লাশ হয়ে গেলেন সুনীল রায় (৭০) নামে এক বৃদ্ধ। রবিবার সকাল ৬টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের চতুল ইউনিয়নের চতুল গ্রামের চিতাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুনীল রায় উপজেলার গুনবহা ইউনিয়নের বাবুয়ান গ্রামের বাসিন্দা। তিনি বিবাহিত এবং তিন মেয়ের বাবা। তিনি পেশায় একজন লন্ড্রি ব্যবসায়ী।
নিহতের স্বজনদের সুত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান চতুল ইউনিয়নের চতুল গ্রামের গোসাই ধোপা (৭১)। গোসাই ধোপা সুনীলের ব্যবসায়িক সহযোগী ছিলেন। গতকাল ভোররাতে ওই সৎকার কাজ যোগ দিতে আনুমানিক পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত গুনবহা ইউনিয়নের বাবুয়ান গ্রাম থেকে বাইসাইকেল চালিয়ে চতুল গ্রামে আসেন সুনীল। সৎকার শেষ করে গতকাল রবিবার ভোর ছয়টার দিকে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে চতুল গ্রামের চিতাঘাটা নামকস্থানে ধূলপুকুরিয়া সড়ক থেকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কের ওঠার সময় মাঝকান্দিগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন সুনীল।
পরে স্থানীয়রা সুনীলকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নিয়ে গেলে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক নূর ইসলাম সুনীলকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

