নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাটে কাজে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের চাপায় বিউটি বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জয়পুরহাট শহরের যুব উন্নয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিউটি বেগম জয়পুরহাট সদর উপজেলার হানাইল বম্বু গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল লতিফের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিউটি বেগম তার এক প্রতিবেশীর মোটরসাইকেলে চড়ে জয়পুরহাট শহরের একটি বাসায় গৃহকর্মীর কাজ করতে যাচ্ছিলেন। পথে জয়পুরহাট-বগুড়া সড়কের যুব উন্নয়ন ভবনের সামনে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় বগুড়াগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

