সময় সংবাদ ডেস্ক//
ভালো কাজের প্রলোভনে পড়ে অবৈধ পথে ভারতে গিয়ে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরেছে ৭ বাংলাদেশি যুবক। মঙ্গলবার রাতে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা যুবকরা হলেন, রাজশাহী জেলার রশিদ সরকারের ছেলে সাগর সরকার, আব্দুল মালেকের ছেলে শাহজাহান, জহুরুল মন্ডলের ছেলে সম্রাট মন্ডল, খলিল আলীর ছেলে নুর ইসলাম, শমসের গাজীর ছেলে মনিরুল ইসলাম, মঈনুদ্দিনের ছেলে সুজন উদ্দিন ও কুষ্টিয়া জেলার নাজিম উদ্দিনের ছেলে মজনু আলী।
ফেরত আসা মজনু মিয়া জানান, তারা ভারতের কেরালায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে কাজ করতেন। কাজ করার প্রায় ২ বছর আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। এরপর তারা কেরালার ত্রিশুল সেন্ট্রাল জেলে দুই বছর জেল খাটে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি খোরশেদ আলম বলেন, গত দুই বছর আগে ভালো কাজের প্রলোভনে তারা ভারতের কেরালায় যায়। সেখানে তারা একটি কোম্পানিতে কাজ করার সময় সে দেশের পুলিশের কাছে ধরা পড়ে জেল হাজতে পাঠায়। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি চালাচালির এক পর্যায়ে তারা বেনাপোল দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত আসে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

