সময় সংবাদ ডেস্ক//
নাটোরের দিঘাপতিয়ায় যাত্রীবাহী দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে লিখন আহমেদ এবং ফারুক হোসেন নামে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ২০ জন। আহতদের সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের দিঘাপতিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লিখন নিশিতা পরিবহনের হেলপার এবং ফারুক হোসেন ওই বাসের যাত্রী দিঘাপতিায় এলাকার ছাবেদ আলীর ছেলে।
নাটোরের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আসাদুজ্জামান ও ঝলমলিয়া হাইওয়ে ফাড়ি (পশ্চিমাঞ্চল) নাটোরের ইনচার্জ মোজাম্মেল হোসেন জানান, গাইবান্ধা থেকে রাজশাহীগামী নান্নু পরিবহনের সাথে নাটোর থেকে বগুড়াগামী নিশিতা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিশিতা পরিবহনের হেলপার লিখন মারা যায়। আহত হয় আরো অন্তত ২০ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে থেকে আশংকাজনক অবস্থায় ৬ জনকে রাজশাহী মেডিকেলে প্রেরণ করা হলে পথে ফারুক হোসেন নামে আরো একজন মারা যায়। নিহত লিখনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের সদস্যদের খুঁজে তাদের কাছে হস্তান্তর করা হবে।

