সময় সংবাদ ডেস্ক//
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) এপ্রিল-২০২০ সেমিস্টারের টিউশন ফির ২০ শতাংশ মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. এস তাসাদ্দেক আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনা পরিস্থিতির কারণে কর্তৃপক্ষের নির্দেশক্রমে শিক্ষার্থীদের চলতি (এপ্রিল-২০২০) সেমিস্টারের টিউশন ফির ওপর ২০ শতাংশ মওকুফ করা হলো। যেসব শিক্ষার্থীরা এরইমধ্যে চলতি সেমিস্টারের টাকা পরিশোধ করেছেন তাদের টাকা পরবর্তীতে সমন্বয় করা হবে।
এতে আরো জানানো হয়, শিক্ষার্থীরা এসব সুবিধা ব্যতিত চলতি সেমিস্টারের অন্য কোনো আর্থিক সুবিধা প্রাপ্য হবে না৷
অনলাইনে চলমান সেমিস্টারের ফি ২৫ শতাংশ মওফুকের দাবিতে বিবৃতি দিয়েছিল গণ বিশ্ববিদ্যালয়ের আটটি সংগঠন। এতে শিক্ষার্থীদের করোনাকালীন নানা অসুবিধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদকে বিষয়টি সমাধানের আহ্বান জানান তারা। এরই পরিপ্রেক্ষিতে সেমিস্টারের টিউশন ফির ২০ শতাংশ মওকুফ করা হয়।

