এক নজরে মেহেরপুরে ঘটে যাওয়া আজকের ঘটনাগুলো -সময় সংবাদ(২৪/৪/২০২১) - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ২৫, ২০২১

এক নজরে মেহেরপুরে ঘটে যাওয়া আজকের ঘটনাগুলো -সময় সংবাদ(২৪/৪/২০২১)



উজবেকিস্তানের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মেহেরপুরের সন্তান জাহাঙ্গীর আলমের পরিচয় পত্র পেশ 


উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মেহেরপুরের কৃতি সন্তান মোঃ জাহাঙ্গীর আলম ২৩ এপ্রিল ২০২১ তারিখে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাভকাত মিরজিয়ায়ভে এর কাছে পরিচয় পত্র পেশ করেছেন। উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জাহাঙ্গীর আলম রাষ্ট্রপতির কার্যালয় পৌঁছালে রাষ্ট্রপতির গাডর্ রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে এবং রাষ্ট্রদূতকে তাঁর বাসভবন থেকে রাষ্ট্রপতির কার্যালয় পর্যন্ত ৮ কিঃ মিঃ মোটর শোভাযাত্রা সহকারে আনা নেয়ার ব্যবস্থা করে। করোনা পরিস্থিতির কারনে সীমিত পরিসরে আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সাথে আলাপকালে উজবেকিস্তানের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে তার ব্যক্তিগত শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের সাথে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের রাষ্ট্রদূতের সহায়তা কামনা করেন। বাংলাদেশের রাষ্ট্রদূত এ বিষয়ে দ্রæত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং বাংলাদেশের গার্মেন্টস, টেক্সটাইল,ফার্মাসিউটিক্যালস,পাট,পাটজাত পণ্য এবং লেদার সেক্টরে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। রাষ্ট্রদূত পর্যটন, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে দুটি বন্ধু প্রতিম দেশের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে ঢাকায় উজবেকিস্তানের দূতাবাস স্থাপন এবং ঢাকা- তাসখন্দ- ঢাকা সরাসরি বিমান চলাচল পুনরায় চালু করার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেন এবং আগামী ২৭ মে ২০২১ অনুষ্ঠিতব্য দু’দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক ফরেন অফিস কনসালটেশন সভা ফলপ্রসূ করতে রাষ্ট্রপতির সহায়তা কামনা করেন। এ প্রসঙ্গে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সেখানে উপস্থিত পররাষ্ট্রমন্ত্রী আবদুল আজিজ কামিলভকে ঢাকায় প্রাথমিকভাবে উজবেকিস্তানের একটি কনস্যুলেট খোলার জন্য এবং উভয় দেশের মধ্যে প্রথম এফ ও সি মিটিং ফলপ্রসূ করতে যথাযথ ব্যবস্থা নির্দেশনা প্রদান করেন।পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মেও তিনি জানান। উল্লেখ্য, একই দিন উজবেকিস্তানে নিযুক্ত চেক প্রজাতন্ত্র, মিশর, জর্ডান,তুর্কি,ইউরোপিয়ান ইউনিয়ন ও রাশিয়ান রাষ্ট্রদূতগনও তাঁদের পরিচয়পত্র পেশ করেন।


গাংনীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ \ বোমা বিস্ফোরণ 


মেহেরপুর জেলার গাংনীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে গাংনী উপজেলার সাহারবাটি চারচারা বাজার এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও বোমা হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা। এ ঘটনার সংবাদ পেয়ে সংঘর্ষ এড়াতে গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম, সেকেন্ড অফিসার হাবিবুর রহমানসহ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। সাহারবাটি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান গোলাম ফারুক এ বিষয়ে জানান, আসন্ন সাহারবাটি ইউপি নির্বাচনে রাকিবুল ইসলাম টুটুল চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দিতা করবেন এমন ঘোষণা দিয়েছেন। তারপর থেকে প্রভাব বিস্তার করার জন্য বিভিন্ন সময়ে টুটুল ও তার সহযোগীরা এলাকার শান্ত প্রিয় মানুষকেকে মারধর ও হুমকি-ধামকি দিয়ে আসছে। এ বিষয়ে ইসলাম নামের এক ব্যক্তি টুটুলের নামে জিডি ও মামলা করেছে। উক্ত মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। মামলা তুলে নেওয়ার জন্য কয়েকদিন আগে ইসলামকে কোর্টের বারান্দায় হুমকি ধমকি দেওয়া হয়েছে। শুক্রবার রাতে টুটুল ও তার লোকজন অতর্কিত হামলা করে সুজন নামের একটি ছেলেকে চায়ের দোকানে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম ও অজ্ঞান করে ফেলে। সুজন বর্তমানে গাংনী উপজেলা কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। শনিবার (২৪-০৪-২১) সকাল ৮ টার দিকে চারচারা বাজার এলাকায় সংঘবদ্ধ দলবল নিয়ে এসে টুটুল আবারো লোকজনকে তাড়াহুড়া ও মাবিয়া মহলদারের ছেলে বদরুদ্দোজাসহ ২/৩ জনকে পিটিয়ে আহত করেছে। সেই সাথে টুটুলের লোকজন ৪/৫ টি বোমা হামলার ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। তিনি আরো বলেন, তিনি যেহেতু বর্তমান চেয়ারম্যান এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া যাবে না। তাছাড়া টুটুলের সাথে তার কোনো বিরোধ নেই। তিনি টুটুলকে প্রতিপক্ষ মনে করেন না। কারণ তিনি নৌকার প্রার্থী হিসেবে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। আসন্ন নির্বাচনে টুটুল যদি নৌকার প্রতীক নিয়ে আসতে পারে তিনি টুটুলের পক্ষেই নির্বাচন করবেন বলে অভিমত ব্যক্ত করেছেন। অন্যদিকে রাকিবুল ইসলাম টুটুল এ অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে বলেন, সাহারবাটি ইউপি’র বর্তমান চেয়ারম্যান গোলাম ফারুক আমার লোকজনকে ইতোপূর্বে নারী কেলেঙ্কারির অভিযোগ দিয়ে হয়রানি করেছে। আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আমাকে ইতিপূর্বে হত্যার হুমকি দিয়েছিল, যে বিষয়ে একটি মামলাও রয়েছে। আজ শনিবার (২৪-০৪-২১) সকাল ৭টা থেকে আমার উপর হামলা করার প্রস্তুতি নিচ্ছিল ফারুক চেয়ারম্যানের লোকজন। সকাল সাড়ে ৮ টার দিকে আজাহার বিশ্বাসের ছেলে টোকন,মাবিয়ার ছেলে সামছুজ্জোহা, বানারের ছেলে নুরু, ওহাবের ছেলে রবিউল ইসলাম এর নেতৃত্বে অর্ধশতাধিক লোকজন নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় তারা ৪টি বোমার বিস্ফোরণ ঘটায়। আসন্ন নির্বাচনে আমাকে মাঠ থেকে সরাতেই এ হত্যার নীল নকশা করছে বর্তমান চেয়ারম্যান গোলাম ফারুক। গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সাহারবাটি গ্রামে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার ও আজ শনিবার (২৪-০৪-২১)  ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনা শোনার পরপরই পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস এর উদ্বোধন


কেভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে বিনামূল্যে করোনা রোগীদের  বহনের জন্য ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাঙ্গণে ফ্রী এ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুল ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস এর উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান মতিন, মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সনোয়ার হোসেন,মেহেরপুর শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইবনে মামুন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শহিদুল ইসলাম প্রমুখ। করোনাকালীন সময়ে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে করোনায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে বাড়ি থেকে হাসপাতাল এবং হাসপাতাল থেকে বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করবে ওই এ্যাম্বুলেন্স।


মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মৃদুলের উদ্যোগে ইফতার বিতরণ


মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুলের উদ্যোগে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বিকালে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল উপস্থিত থেকে ইফতারির খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে যুবলীগ নেতা আনোয়ার হোসেন আনু, শেখ কামাল, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ.কে আজাদ সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।

মেহের আমজাদ


Post Top Ad

Responsive Ads Here