সময় সংবাদ ডেস্কঃ
মাদারীপুরের শিবচরে বালুবোঝাই বাল্কহেডে স্পিডবোটের ধাক্কায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় স্পিডবোটটির চালক শাহ আলম মিয়াকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ।
রোববার বিকেলে তাকে গ্রেফতারের পর রাত ৮টার দিকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে। শাহ আলম এ মামলার প্রধান আসামি।
নৌ-পুলিশের কাঁঠালবাড়ি ঘাটের পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, স্পিডবোট দুর্ঘটনায় চালক শাহ আলম গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার বিকেলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। এরপর তাকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এ ঘটনায় এ পর্যন্ত দুজন গ্রেফতার হলো। এর আগে, স্পিডবোটটির মালিক চান মিয়া ওরফে চান্দুকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে র্যাব।
৩ মে সকালে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথের কাঁঠালবাড়ি ঘাট এলাকায় নোঙর করে রাখা বাল্কহেডে ধাক্কা দিয়ে একটি স্পিডবোট উল্টে যায়। সেখান থেকে একে একে শিশুসহ ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান আরো একজন। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়।
ঘটনার দিন রাতেই স্পিডবোটটির মালিক-চালকসহ চারজনের নামে মামলা হয়। আসামিদের মধ্যে ঘাটের ইজারাদারও রয়েছেন।

