সময় সংবাদ ডেস্কঃ
পৃথিবী, চাঁদ আর সূর্য আগামী ২৫ মে এক রেখায় এসে দাঁড়াবে। পৃথিবীর ছায়ায় চাঁদ হারাবে তার ধবল জোছনা। অদ্ভুত আঁধারে ঢেকে যাবে চরাচর। চাঁদের আংশিক গ্রহণ ঘটবে সেদিন। গ্রহণগ্রস্ত চাঁদ দখল করে নেবে মানুষের দৃষ্টিকে।
আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশের আকাশে এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী বুধবার ঢাকায় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটের দিকে ঘটবে আংশিক চন্দ্রগ্রহণ। গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭টা ৫১মিনিট ৫৮ সেকেন্ডে। গ্রহণ মোক্ষ হবে রাত ২ টা ৫২ মিনিটের দিকে।
এছাড়া ময়মনসিংহ বিভাগেও একই সময়ে গ্রহণ দেখা যাবে। চট্টগ্রাম বিভাগে দেখা যাবে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটের দিকে। সিলেট বিভাগে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটের দিকে। খুলনা বিভাগে সন্ধ্যা ৬ টা ৪২ মিনিটের দিকে। বরিশালে রাত ৬টা ৩৯ মিনিটের দিকে। রাজশাহীতে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটের দিকে। রংপুর বিভাগে সন্ধ্যা ৬ টা ৪৯ মিনিটের দিকে আংশিক চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে।
দীর্ঘ সময়ব্যাপী এই গ্রহণ শুধু বাংলাদেশে নয়, দেখা যাবে গোটা এশিয়া, ইউরোপ, আফ্রিকার বিভিন্ন জায়গা থেকে।
মুলত কক্ষপথ পরিভ্রমনের এক পর্যায়ে চাঁদ পৃথিবীকে মাঝখানে রেখে সূর্যের সঙ্গে এক সমতলে এবং এক সরলরেখায় চলে এলে সূর্যের আলো পৃথিবীতে বাঁধা পড়ে চাঁদে পৌঁছতে পারে না। তখনই ঘটে থাকে চন্দ্রগ্রহণ।
প্রতি পূর্ণিমাতেই চাঁদ পৃথিবীকে মাঝখানে রেখে সূর্যের বিপরীতে অবস্থান করে। কিন্তু প্রতি পূর্ণিমাসে চন্দ্রগ্রহণ ঘটে না। কারণ, চন্দ্রগ্রহণ ঘটতে হলে চাঁদ, সূর্য ও পৃথিবীকে অবশ্যই একই সরলরেখায় ও একই সমতলে থাকতে হবে। চাঁদের কক্ষতল পৃথিবীর কক্ষতলের সঙ্গে গড়ে ৫ ডিগ্রী ৯ মিনিট কোনে থাকে। ফলে প্রতি পূর্ণিমাতেই চাঁদ, সূর্য ও পৃথিবী একই সমতলে থাকলেও একই সরলরেখায় আসতে পারে না। চন্দ্রগ্রহণ ঘটতে হলে চাঁদ, সূর্য ও পৃথিবীকে অবশ্যই একই সরলরেখায় ও একই সমতলে থাকতে হবে।
চন্দ্রগ্রহণ সাধারণত দুই প্রকার, পূর্ণ এবং আংশিক চন্দ্রগ্রহণ। চাঁদ যখন পৃথিবীর প্রচ্ছায়ায় পুরোপুরি অবস্থান করে তখন পূর্ণ গ্রহণ ঘটে এবং যখন চাঁদ যখন পৃথিবীর প্রচ্ছায়ায় সম্পূর্ণ অবস্থান না করে কিছু অংশ উপচ্ছায়ায় থাকে তখন আংশিক গ্রহণ ঘটে।

