সময় সংবাদ ডেক্সঃ
জিম্বাবুয়ে ও পাকিস্তানের মধ্যকার সিরিজ শেষে হালনাগাদ করা হয়েছে টেস্ট র্যাংকিং। বৃহস্পতিবার আপডেটকৃত সর্বশেষ র্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ বোলিংয়ের পুরস্কার পেয়েছেন পাকিস্তানের হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি ও নুমান আলি। তিনজনই উঠেছেন ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে।
হারারেতে সিরিজের দ্বিতীয় টেস্টে বিরল এক কীর্তি গড়েছিলেন পাকিস্তানের এ তিন বোলার। প্রত্যেকেই পান পাঁচ উইকেটের স্বাদ। ১৪৪ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা হয়েছে মাত্র ষষ্ঠবার। পাকিস্তানের ক্রিকেটে এমন ঘটনা প্রথম।
প্রথম ইনিংসে ২৭ রানে ৫ উইকেট পাওয়া হাসান আলী র্যাংকিংয়ে এগিয়েছেন ছয় ধাপ। তিনি আছেন ১৪ নম্বরে। দ্বিতীয় ইনিংসে ৫২ রানে ৫ উইকেট নিয়ে নয় ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন আরেক পেসার আফ্রিদি।
সবচেয়ে বড় লাফটা দিয়েছেন স্পিনার নুমান আলি। একই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮৬ রানে ৫ উইকেট নেওয়া এ স্পিনার ৪৬ ধাপ এগিয়ে ৫৪ নম্বরে উঠে এসেছেন। ম্যাচে দারুণ ব্যাটিংও করেছিলেন তিনি। মাত্র ৩ রানের জন্য পাননি সেঞ্চুরি। তবে নার্ভাস নাইন্টিজে আউট হওয়ার পর র্যাংকিংয়ে পেয়েছেন পুরষ্কার। ১০৪ বলে ৯৭ রানের ইনিংসের জন্য ৩৫ ধাপ এগিয়ে ১১৬ স্থানে উঠে এসেছেন তিনি।
ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার- তিন বিভাগেই র্যাংকিংয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন হয়নি। যথারীতি ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, বোলিংয়ে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও অলরাউন্ডার র্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার শীর্ষে অবস্থান করছেন।

