সময় সংবাদ ডেস্কঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ সালের স্নাতক (সম্মান) ও স্নাতক (পাস) কোর্সের ৭০২ শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত বৃত্তির সংখ্যা/কোটা ও টাকার পরিমাণ পূনর্নির্ধারণ সংক্রান্ত আদেশের পরিপ্রেক্ষিতে দেয়া হবে বৃত্তি।
বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) ওয়েবসাইটে মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।
বৃত্তি প্রদানের শর্তে বলা হয়েছে, বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রস্তুত করা হবে। মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিতে ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রী অগ্রাধিকার পাবে। কোনো যোগ্য ছাত্র পাওয়া না গেলে সেক্ষেত্রে যোগ্য ছাত্রকে সম্পূরক বৃত্তি দেয়া যাবে। উচ্চতর শ্রেণিতে ভর্তি হলেই এই বৃত্তির যোগ্য হবেন। অবশ্যই নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত ও পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
জানা যায়, স্নাতক (সম্মান) বৃত্তি স্তরে মেধাবৃত্তির সংখ্যা মোট ১৮টি। সাধারণ বৃত্তি ৩৭৫টি। বৃত্তির মেয়াদ হবে এক বছর। মেধাবৃত্তিতে শিক্ষার্থীদের মাসিক ১ হাজার ১২৫ টাকা আর বার্ষিক এককালীন অনুদান হিসেবে ১৮০০ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসিক ৪৫০ টাকা ও বার্ষিক এককালীন অনুদান হিসেবে ৯০০ টাকা দেয়া হবে।
স্নাতক (পাস কোর্স) বৃত্তি স্তরে মেধাবৃত্তির সংখ্যা নয়টি। মাসিক বৃত্তির হার ১ হাজার ৫০ টাকা, বার্ষিক এককালীন অনুদান হিসেবে মোট ১৮০০ টাকা পাবে শিক্ষার্থীরা। সাধারণ বৃত্তি দেয়া হবে ৩০০ জন শিক্ষার্থীকে। এক্ষেত্রে প্রত্যেক জেলায় দুজন ছাত্র আর দুজন ছাত্রীকে নির্বাচন করতে হবে। অবশিষ্ট ৪৪টি বৃত্তি মেধার ভিত্তিতে বণ্টিত হবে। সাধারণ বৃত্তিতে মাসিক ৩৭৫ টাকা আর বার্ষিক অনুদান হিসেবে এককালীন ৬০০ টাকা দেয়া হবে। সাধারণ বৃত্তির মেয়াদকাল দুই বছর।

