কানাডায় মুসলমানবিদ্বেষ অস্বীকারের সুযোগ নেই: ট্রুডো - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ০৯, ২০২১

কানাডায় মুসলমানবিদ্বেষ অস্বীকারের সুযোগ নেই: ট্রুডো


 

সময় সংবাদ ডেস্কঃ


কানাডার সমাজে ইসলামভীতি, মুসলমানবিদ্বেষ, বর্ণবাদ ও ঘৃণার অস্তিত্ব অস্বীকার করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার পার্লামেন্টে দেয়া এক ভাষণে এ হামলাকে ‘মুসলমানদের প্রতি বিদ্বেষপ্রসূত হামলা’ বলে আখ্যা দেন ট্রুডো।

তিনি বলেন, এটি একটি সন্ত্রাসী হামলা ছিল। বিদ্বেষপ্রসূত এ হামলার শিকার ব্যক্তিরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ।


রোববার স্থানীয় সময় সন্ধ্যায় অন্টারিও প্রদেশের লন্ডন শহরে ওই হামলায় প্রাণ হারান ওই পরিবারের ৪ সদস্য। পরিবারটির জীবিত উদ্ধার হওয়া একমাত্র সদস্য ৯ বছরের শিশু ফায়েজ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।


পুলিশ জানিয়েছে, সন্ধ্যায় হাঁটতে বেরিয়েছিল পরিবারটি। লন্ডনের উত্তর-পশ্চিমাঞ্চলের হাইড পার্ক রোডে রাস্তা পার হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকার সময় তাদের ওপর ট্রাক উঠিয়ে দেন চালক।


ট্রুডো বলেন, কেউ যদি দাবি করে যে এই দেশে বর্ণবাদ বা ঘৃণা বলে কোনো কিছুর অস্তিত্ব নেই, তাকে আমি বলতে চাই, হাসপাতালে মৃতপ্রায় অবস্থায় থাকা শিশুটি যে সহিংসতার শিকার, সেটার কী ব্যাখ্যা দেবেন আপনারা? নিহত ব্যক্তিদের স্বজনের চোখের দিকে তাকিয়ে আমরা কীভাবে বলতে পারি যে ইসলামভীতি বলে কিছু নেই?


তিনি আরো বলেন, এই মহামারির মধ্যে বাড়িতে থেকে হাঁপিয়ে কিংবা সারা দিনের ক্লান্তি মেটাতে অনেক মানুষ সন্ধ্যার তাজা বাতাস উপভোগে বের হন। এই পরিবারটিও তাই করছিল। তবে অন্য রাতগুলোর মতো এই রাতে আর তাদের বাড়ি ফেরা হয়নি।


এটি কোনো দুর্ঘটনা ছিল না উল্লেখ করে ট্রুডো বলেন, নির্মম, নির্লজ্জ আর কাপুরুষোচিত হামলা চালিয়ে তাদের প্রাণ কেড়ে নেয়া হয়েছে…রোববারের হামলায় কানাডার নাগরিকরা ক্ষুব্ধ। আর কানাডার মুসলমানরা আতঙ্কিত।


অনলাইন ও রাজনীতিতে উগ্রবাদী ও আক্রমণাত্মক বক্তব্য, তথ্যের অপপ্রচারের মতো বিষয়গুলোকে জাতিবিদ্বেষের জন্য দায়ী করেন ট্রুডো।


তিনি বলেন, উগ্রবাদী ও আক্রমণাত্মক মন্তব্য, ভুলভাল তথ্য ছড়ানো কুৎসিত রূপ নিতে পারে, অনেক দীর্ঘমেয়াদি ও জটিল সমস্যা তৈরি করতে পারে। কখনো কখনো এগুলো বাস্তব সহিংসতার পথ খুলে দেয়।


অন্টারিওর হামলাকারী ২০ বছরের তরুণ ট্রাকচালক নাথানিয়েল ভেল্টম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। গঠন করা হতে পারে সন্ত্রাসবাদের অভিযোগও।


পুলিশ নিশ্চিত করেছে, পরিকল্পিতভাবে ও মুসলমান জেনেই রাস্তা পার হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা পরিবারটির ওপর ট্রাক উঠিয়ে দিয়েছিলেন চালক ভেল্টম্যান। হতাহত ব্যক্তিদের সঙ্গে তার পূর্বপরিচয় ছিল না।

Post Top Ad

Responsive Ads Here