সময় সংবাদ ডেস্কঃ
ফাইজার-বায়োএনটেকের ১০ লাখ ডোজ করোনা টিকা আগামী ৩০ আগস্ট দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।
তিনি জানান, আগামী ৩০ আগস্ট সন্ধ্যা ৭.১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের মাধ্যমে আমেরিকার উপহার কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ফাইজারের আরো ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছাবে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও আমেরিকার রাষ্ট্রদূত আর. মিলার বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলে জানান মাইদুল ইসলাম।
এদিকে গতকাল সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সেপ্টেম্বরেই আমেরিকা থেকে আরো ৬০ লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন পাওয়া যাবে বলে এক অনানুষ্ঠানিক মিডিয়া ব্রিফিংয়ে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

