জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ওই উপজেলার মঠবাড়ি ইউনিয়নের জয়দা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- একই উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের বগারবাজার গ্রামের রাকিবুল ইসলামের মেয়ে রিমি আক্তার ও তার খালাতো বোন মঠবাড়ি ইউনিয়নের অলহরী গ্রামের মো. উজ্জল মিয়ার কন্যা তায়েবা আক্তার।
পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে মঠবাড়ি ইউনিয়নের জয়দা গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে রিমি। সকালে সে মামাতো বোন তায়েবার সঙ্গে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিল। এক পর্যায়ে সবার অগোচরে তারা পুকুরে পড়ে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদের পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

