মাইক্রোবাস চাপায় পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় হেলপার মো. রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ২৯, ২০২১

মাইক্রোবাস চাপায় পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় হেলপার মো. রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ


 


জেলা প্রতিনিধিঃ



চট্টগ্রামের সাতকানিয়ায় মাইক্রোবাস চাপায় পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় হেলপার মো. রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন।

গ্রেফতারকৃত রুবেল কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকার বাসিন্দা। শনিবার রাতে আমানত শাহ মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


ওসি বলেন, মামলাটি সাতকানিয়া থানা পুলিশ তদন্ত করলেও আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাইক্রোবাসের হেলপার রুবেলকে গ্রেফতার করি। পুলিশ সদস্যকে হত্যার পর আমানত শাহ মাজারে এসে আত্মগোপন করেন রুবেল। তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


৫ আগস্ট সকালে লকডাউন কার্যকর করতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলেন মো. রাব্বি ভূঁইয়াসহ আট পুলিশ সদস্য। একপর্যায়ে বেপরোয়া গতিতে আসা যাত্রীবাহী একটি মাইক্রোবাসকে থামানোর সংকেত দেন তারা।


ওই সময় চালক গাড়ি না থামিয়ে কনস্টেবল আরাফাতকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এক পর্যায়ে রাব্বিকে পেছনের চাকায় চাপা দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই রাব্বি নিহত হন। পরে দোহাজারী পৌর এলাকা থেকে গাড়িটি আটক করা হয়। তবে চালক ও হেলপার গাড়ি ফেলে পালিয়ে যান।


এ ঘটনায় চালক, হেলপার ও মালিকের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা করেন হাইওয়ে পুলিশের এসআই ফারুক উদ্দিন। এরপর মালিককে গ্রেফতার করা হয়।

Post Top Ad

Responsive Ads Here