টি-২০ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ডের বিশেষ টিম - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ১০, ২০২১

টি-২০ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ডের বিশেষ টিম


 


সময় সংবাদ ডেস্কঃ



অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এখন সামনে নিউজিল্যান্ড চ্যালেঞ্জ। আসন্ন সিরিজের জন্য বেশ খর্বশক্তির দল পাঠাচ্ছে কিউইরা। সহজভাবে বলা যায়, এই নিউজিল্যান্ড দলের কেউই তাদের টি-২০ বিশ্বকাপ স্কোয়াডের খেলোয়াড় নয়।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৪শে আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মূলত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলার জন্য যে দলটা যাবে সেই একই দল বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ খেলবে। ব্ল্যাকক্যাপসদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।


নিউজিল্যান্ডের ক্রিকেটারদের বাংলাদেশ ও পাকিস্তান সফরের পরই আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, লকি ফারগুসনরা নিজ নিজ দলের সঙ্গে সেপ্টেম্বর মাসে যোগ দেবেন। একই বহরে আছেন কেন উইলিয়ামসন ও জিমি নিশামও।


মূলত আইপিএল ও টি-২০ বিশ্বকাপকে ঘিরেই পরিকল্পনা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। সংস্থাটির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, খেলোয়াড়দের কাজের চাপ কমানোটাই স্কোয়াড বন্টনে মূল চিন্তা ছিল।







নিউজিল্যান্ড ক্রিকেটের আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি বলেন, এখন যে পরিস্থিতি তাতে খেলোয়াড়দের কল্যাণ এবং সাপোর্ট স্টাফদের ভালো থাকা খুবই জরুরি। আমাদের সমস্ত চেষ্টা এখন নিউজিল্যান্ডের শীতকালীন যত সফর আছে সেখানে যতটা সম্ভব চাপ কমিয়ে স্কোয়াড পাঠানোর দিকেই থাকবে।


তিনি আরো বলেন, চলতি বছর ইংল্যান্ডে আমাদের দল বেশ ভালো করেছে। আমাদের এখন বেশ ভালো গভীরতা আছে। আমি আত্মবিশ্বাসী স্কোয়াডগুলো নিজেদের কাজ ঠিকঠাক করে আসবে।


আইপিএলের কথা আলাদাভাবে উল্লেখ করে হোয়াইট বলেন, পাকিস্তান সফর ও আইপিএলের তারিখ মিলে যাওয়াতে নির্বাচকরা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। এক্ষেত্রে তারা বাস্তবতার নীরিখে সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন তিনি।


বাংলাদেশ সফরের জন্য ঘোষিত নিউজিল্যান্ড দলে অন্তত দুজন খেলোয়াড় আছেন যারা আন্তর্জাতিক ক্রিকেটে এখনো নাম লেখাননি। এ বিষয়টি তেমন চিন্তার না বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের প্রধান আকরাম খান।


এ বিষয়ে আকরাম বলেন, একটা টি-২০ দলে কারা আছে সেটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না। কারণ এক বা দুই ওভারেই খেলা বদলে যেতে পারে। আমরা আমাদের সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়েছি। 


বর্তমানে বাংলাদেশ দল যেভাবে খেলছে তাতে মাঠের ক্রিকেটে এই পরিকল্পনাই নিউজিল্যান্ডের দলটার বিপক্ষেও জয় এনে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান।


আগামী ২৩ আগস্ট বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এরপর তারা ঢাকা থেকে সরাসরি পাকিস্তানে যাবে। এর আগে ২০০২ সালে শেষবার নিউজিল্যান্ডের কোন ক্রিকেট দল পাকিস্তানে সফর করেছিল। সেবার করাচিতে টিম হোটেলের কাছে একটা বিস্ফোরণের কারণে সফরটি মাঝপথেই বাতিল হয়ে যায়।

Post Top Ad

Responsive Ads Here