জেলা প্রতিনিধিঃ
ফেনীতে স্বর্ণ ডাকাতির মামলায় ডিবি পুলিশের পাঁচ কর্মকর্তাকে আরো তিনদিনের রিমান্ড দিয়েছে আদালত। শনিবার ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এ আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্তরা হলেন- জেলা ডিবি পুলিশের এসআই মোতাহের হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক এবং সহকারী উপপরিদর্শক এএসআই অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা।
মামলার তদন্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, স্বর্ণের বার ডাকাতি মামলায় ১১ আগস্ট জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলামকে চারদিন ও বাকি পাঁচ পুলিশ সদস্যকে তিনদিনের রিমান্ড আদেশ দেন আদালত। শনিবার পাঁচ পুলিশ সদস্যের রিমান্ড শেষ হলে আদালতে আরো সাতদিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষ তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
এদিকে আগামীকাল রোববার জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলামের চারদিনের রিমান্ড শেষ হওয়ার কথা রয়েছে।
ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন বলেন, মহাসড়কে স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতাদের কাছ থেকে রিমান্ডে গুরুত্বপূর্ণ অনেক তথ্য বেরিয়ে এসেছে। তদন্তের স্বার্থে বিষয়গুলো প্রকাশ করা যাচ্ছে না। এছাড়া আত্মসাৎ হওয়া আরো পাঁচটি স্বর্ণের বার উদ্ধারের চেষ্টা চলছে।
এর আগে, ১০ আগস্ট ফেনী মডেল থানায় একটি মামলা করেন চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্দি দাস। ওই রাতে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ।

