সময় সংবাদ ডেস্কঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনা শনাক্ত হয়ে এবং নয়জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, রোববার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮ টার মধ্যে ইউনিটটিতে করোনায় মারা যাওয়া চারজনের মধ্যে ময়মনসিংহের তিনজন ও নেত্রকোনার একজন রয়েছেন।
এছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া নয়জনের মধ্যে ময়মনসিংহের পাঁচজন, নেত্রকোনার দুইজন এবং জামালপুর ও টাঙ্গাইলের একজন করে রয়েছেন।
ডা. মুন আরো জানান, করোনা ইউনিটে কিছুটা কমতে শুরু করেছে রোগীর চাপ তবে আসন ফাঁকা নেই আইসিইউতে। বর্তমানে ৪০২ টি শুধু শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৬৩ জন। এর মধ্যে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন আইসিইউতে। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন।
এদিকে জেলায় এক দিনে ৭০৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৪৯ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২১.০৫ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

