ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আন্তরিক প্রচেষ্টায় মহানগরীর ৩০টি ওয়ার্ডের ৮৪টি কেন্দ্রে আবারো গণটিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় আগামী ১৪ আগস্ট শনিবার এবং ১৬ আগস্ট সোমবার ওয়ার্ডের কেন্দ্রসমূহে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে নিবন্ধনধারী ৩০০জনকে মর্ডার ১ম ডোজ টিকা প্রদান করা হবে। প্রতিটি কেন্দ্রে দুইজন টিকাদানকারী স্বাস্থ্যকর্মী ও ৩জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (স্থানঃ টিচার্স ট্রেনিং কলেজ) কেন্দ্র, পুলিশ হাসপাতাল ও আইডি হাসপাতাল কেন্দ্রে এসএমএস প্রাপ্তরা শুধুমাত্র ২য় ডোজ টিকা নিতে পারবেন। গণটিকাদান কর্মসূচি সফল করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, গণটিকাদান ক্যাম্পেইনে ৭ ও ৮ আগস্ট দুইদিনে ৭৮ হাজার ৮৭৩জনকে টিকা প্রদান করা হয়। টিকার মজুদ শেষ হওয়ায় ৯ আগস্ট থেকে গণটিকাদান ক্যাম্পেইন স্থগিত করা হয়। নগরবাসীর চাহিদা বিবেচনায় মেয়র মহোদয় স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করে মর্ডানা টিকা প্রদানের অনুরোধ জানান। মেয়র মহোদয়ের অনুরোধে নতুন করে ৬০ হাজার ৪৮০ ডোজ মর্ডানার ১ম ডোজ টিকা আমরা পেয়েছি।
তিনি আরো জানান, সিটি কর্পোরেশন এলাকায় এখন পর্যন্ত ১ম ও ২য় ডোজসহ মোট ২ লাখ ৪৮ হাজার ৬৩৭জনকে টিকা প্রদান করা হয়েছে। ১ লাখ ৩৮ হাজার ৮১৯জনকে মর্ডানার ১ম ডোজ টিকা, ১ম ও ২য় ডোজ সহ মোট এক লাখ ২ হাজার ৫৬২জনকে অ্যাস্ট্রাজেনেকার টিকা, ১ম ও ২য় ডোজ সহ মোট ৬ হাজার ৯৬৫জনকে সিনোফার্ম টিকা দেওয়া হয়েছে। আর টিকা পেতে নিবন্ধন করেছেন মোট ২ লাখ ৮০ হাজার ব্যক্তি।
৮ আগস্ট ২য় দিন ৪৪ হাজার ৪৮৮জনকে করোনার টিকা প্রদান করা হয়। এরমধ্যে মহানগরীর ৩০টি ওয়ার্ডের ৮৪টি কেন্দ্রে ৩৬ হাজার ৬৬৪জনকে প্রথম ডোজ মর্ডানার টিকা প্রদান করা হয়। নগরীতে ৭ ও ৮ আগস্ট দুইদিনে ৭৮ হাজার ৮৭৩জনকে টিকা প্রদান করা হয়। এরপর টিকার মজুদ না থাকায় ওয়ার্ড পর্যায়ে টিকাদান কর্মসূচি স্থগিত করা হয়। রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আন্তরিক প্রচেষ্টায় নগরীতে আবারো শুরু হচ্ছে গণটিকাদান ক্যাম্পেইন।

