জেলা প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদীতে বালু ও যাত্রীবাহী দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষে আয়শা খাতুন নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। ঘটনার প্রায় ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি।
মঙ্গলবার রাতে ওই উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে।
নিখোঁজ আয়শা ভাটারা ইউনিয়নের মহিষাভাদুরিয়া গ্রামের আবু বকরের মেয়ে।
ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কৃষ্ণপুর ব্রিজের দক্ষিণ পাশে ঝিনাই নদীতে উত্তরদিক থেকে আসা যাত্রীবাহী ও দক্ষিণ দিক থেকে আসা বালুবাহী নৌকার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি নৌকাই পানিতে ডুবে যায়। এ সময় আশপাশের নৌকা ও স্থানীয়রা ছুটে যায়। নৌকা দুটিতে থাকা অধিকাংশ মানুষ তীরে উঠলেও কিশোরী আয়শা খাতুন তলিয়ে যায়। এখনো তার সন্ধ্যান মেলেনি।
সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডুবুরি ও পুলিশ অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত ওই কিশোরীর সন্ধান মেলেনি।

