জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়ায় ফাঁস দিয়ে কুনছুমা ছিদ্দীকা হুমাইরা নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। রোববার সন্ধ্যায় উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের কালামিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। হুমাইরা ওই এলাকার মোহাম্মদ ইসমাঈলের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদের জানান, সম্প্রতি হুমাইরাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল পরিবার। কিন্তু কিছুতেই বিয়েতে রাজি ছিল না সে। এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে মনোমালিন্য হয় তার। এর জেরেই ঘরের ছাদের বিমের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
সাতকানিয়া থানার ওসি (তদন্ত) সুজন কুমার দে বলেন, লাশটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। সোমবার সকালে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

