*অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানে অল আউট করে বাংলাদেশের সিরিজ জয়
সিরিজ শুরুর আগে সবাই ভেবেছিল বড় ব্যবধানে জিতে যাবে অস্ট্রেলিয়া। অথচ বাঘের ডেরায় এসে ক্যাঙ্গারুরা যে এভাবে নাস্তানাবুদ হবে তা হয়তো তারা নিজেরাও ভাবতে পারেনি। পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-২০তে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে অল আউট হওয়ার লজ্জা পেয়েছে অজিরা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে মাত্র ৬২ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। ফলে ৬০ রানের বড় জয়ের পাশাপাশি ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা।
*বিয়ের আসরে নাক ডেকে ঘুমোচ্ছে বর, অবাক অতিথিরা!
বিয়ের সাজে সজ্জিত কনে। পাশেই বসা বর। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে চলছিল বিয়ের আনুষ্ঠানিকতা। আশেপাশে উদযাপনে মেতেছে বর-কনের শতাধিক আত্মীয়। এমন সময় ঘটে অপ্রত্যাশিত ঘটনা। দেখা গেলো, বিয়ের আসরেই ঘুমিয়ে পড়েছেন বর। এ ঘটনা ভারতের।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, কনের পাশে বসে নাক ডেকে ঘুমোচ্ছে বর! আত্মীয়রা আসছে, উপহার দিচ্ছে, তাতে কোনও হুঁশ নেই তার। অনেকে তাকে নানাভাবে ডেকে তোলারও চেষ্টা করছেন, তাতেও কোনও হেলদোল নেই।
*২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেল ২৪৫ জনের
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৯৭ জনে।
২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৪৬৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
*নতুন ২১০ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ২১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ১৮১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ২৯ জন।
রাজধানীর স্বাস্থ্য অধিদফতরের তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী রয়েছেন ৯৩১ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৬৩ জন রোগী ভর্তি আছেন।
*সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান
দেশের ২৮তম গ্যাসক্ষেত্র সিলেটের জকিগঞ্জে আবিষ্কৃত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সোমবার জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে ‘এনার্জি সিকিউরিটি: মডার্ন কনটেক্সট, চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন।
তিনি বলেন, নতুন করে গ্যাস এক্সপ্লরেশনের বিষয়ে আজকে আমি বিশেষভাবে জানাতে চাই- জকিগঞ্জে আমরা এরমধ্যে প্রায় ৬৮ পিসিএফ (প্রতি বর্গ ইঞ্চি) গ্যাসের সন্ধ্যান আমরা পেয়েছি। প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উত্তোলন করতে পারব। যেখান থেকে প্রায় ১২ থেকে ১৩ বছর পর্যন্ত গ্যাস উত্তোলন করতে পারব। যার মূল্য প্রায় এক হাজার ২৭৬ কোটি টাকা।
* ষড়যন্ত্রকারীরা তালেবান কায়দায় হামলা চলাতে আসামিদের দায়িত্ব দিয়েছিল
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহালের বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। আদালত রায়ে বলেছেন, ষড়যন্ত্রকারী সব আসামি তালেবানি কায়দায় এ ধরনের ঘটনা সংঘটনের জন্য মুফতি হান্নানসহ অন্যান্য আসামিদের দায়িত্ব দিয়েছিল।
সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের পর ৮৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ হয়।
*১৫ আগস্টের মধ্যে ৫৪ লাখ টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী
আগামী ১৫ আগস্টের মধ্যে আরো ৫৪ লাখ করোনাভাইরাসের টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ১৫ আগস্টের মধ্যে দেশে আরো ৫৪ লাখ টিকা আসছে। এর মধ্যে কোভ্যাক্সের মাধ্যমে আসছে ৩৪ লাখ টিকা। এছাড়া এই ৫৪ লাখ টিকার মধ্যে চীন থেকে কেনা ১০ লাখ এবং চীন সরকারের উপহারের আরো ১০ লাখ টিকাও রয়েছে।
*পবিত্র আশুরা ২০ আগস্ট
আগামী ২০ আগস্ট বাংলাদেশে পবিত্র আশুরা পালিত হবে। সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ধর্মসচিব নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আকাশে সোমবার কোথাও ১৪৪৩ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার পবিত্র জিলহজ্জ মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে বিধায় ২০ আগস্ট (শুক্রবার) সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে।
হিজরি সালের প্রথম মাস হচ্ছে মহররম। আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। শিয়া সম্প্রদায়ের লোকেরা বিশেষভাবে আশুরা পালন করে থাকেন। কারবালা প্রান্তরে হযরত ইমাম হোসাইন (রা.) এর শাহাদতবরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত পালিত হয় আশুরা।
*ভাঙল নতুন প্রেম, নিজেকে ‘প্রোপারলি সিঙ্গেল’ দাবি করলেন শ্রাবন্তী
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সংসার জীবন ভালো যাচ্ছে না শুরু থেকেই। এখন পর্যন্ত এ তারকার সংসার ভেঙেছে তিনটি। নতুন গুঞ্জন ছড়িয়েছে- তিনি নাকি পশ্চিমবঙ্গের এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন। এবার শোনা যাচ্ছে সেই প্রেমও ভেঙে গেছে। নিজেকে এখন সিঙ্গেল দাবি করছেন শ্রাবন্তী নিজেই।
শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে আইনিভাবে বিবাহবিচ্ছেদ এখনো কার্যকর হয়নি। এরই মধ্যে পশ্চিমবঙ্গের ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে প্রেম হয় শ্রাবন্তীর। নিজের বাড়িতে অভিরূপের জন্মদিনও পালন করেছিলেন তিনি। প্রেমিককে তখন একটি হিরার আংটিও উপহার দিয়েছিলেন শ্রাবন্তী।
*শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এ বিষয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে আলোচনা করছে কীভাবে এটা করা যায়। আগে ভ্যাকসিনেশন জোরদার চলছে। যাতে শিক্ষার্থীদেরও ভ্যাকসিন দিয়ে দেয়া যায়। তারপরে দেখা যাক। সেটা ওনারা পরে ব্রিফ করে জানিয়ে দেবে।
*এক বছর ‘মঙ্গলে’ কাটানোর সুযোগ দিচ্ছে নাসা
দূরে কোথাও ঘুরতে যেতে চাচ্ছেন? তাহলে মঙ্গলগ্রহে যান! মোটেও রসিকতা করছি না। এই অসম্ভবকে সম্ভব করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তারাই হদিশ দিচ্ছে এই পৃথিবী ছেড়ে পালানোর এক বিকল্প ঠিকানার। একেবারে এক বছরের জন্য।
চারজনকে এই মিশনের জন্য বেছে নিতে শুক্রবার থেকে আবেদন নিতে শুরু করেছে নাসা।
পৃথিবীর বুকেই অর্থাৎ আমেরিকার হাউস্টনে অবস্থিত জনসন স্পেস সেন্টারেই থ্রিডি প্রিন্টারের সাহায্যে বানানো হয়েছে ৩ হাজার ৭০০ বর্গফুটের এক জায়গা। কৃত্রিমভাবে সেখানে মঙ্গলের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। তবে কারও বোঝার উপায় নেই তা কৃত্রিম। মনে হবে যে মঙ্গলের আলফা টিলায় কঠিন পরিবেওশ আছেন আপনি!

