আন্তর্জাতিক ডেস্কঃ
সব জ্বল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন মেসি। থাকছে আরো এক বছর বাড়ানোর সুযোগ।
স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, পিএসজির সঙ্গে চুক্তি হয়ে গেছে মেসির। শুধু এখন আনুষ্ঠানিক ঘোষণাই বাকি।
খুব দ্রুতই ঘোষণা চলে আসবে। এর মধ্যে যা জানা যাচ্ছে, প্যারিসের ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন মেসি।
মেসিকে ধরে রাখার জন্য শেষবারও প্রাণান্তকর চেষ্টা করেছে বার্সেলোনা। কিন্তু, যাদেরকে গুডবাই বলে দিয়ে এসেছেন, সেখানে আর ফিরে যাচ্ছেন না মেসি।
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে সবকিছু চূড়ান্তই ছিল। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় লা লিগার অর্থনৈতিক বাধ্যবাধকতা। পরে এক আনুষ্ঠানিক ঘোষণায় কাতালান ক্লাবটি জানায়, মেসি আর থাকছেন না তাদের ক্লাবে।
ওই ঘোষণার তিন দিন পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন মেসি। কাঁদতে কাঁদতে বিদায় বলেন নিজের প্রিয় ক্লাবকে। প্রতিশ্রুতি দেন আবার ফিরে আসারও। তবে এমন আনুষ্ঠানিক বিদায়ের পরও কিছু গণমাধ্যম জানায় মেসির জন্য নতুন প্রস্তাব দিয়েছে বার্সেলোনা।
তবে শেষ পর্যন্ত আর তেমন কিছু হচ্ছে না। ২ বছরের চুক্তিতে পিএসজিতেই যাচ্ছেন ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক। তাকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিতে ইতোমধ্যেই ফ্রান্সের গৌরবের স্মারক আইফেল টাওয়ারও ভাড়া করে রেখেছে পিএসজি।

