আজকের ব্রেকিং সব নিউজ একসাথে ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ১৫, ২০২১

আজকের ব্রেকিং সব নিউজ একসাথে !



 *করোনায় মৃত্যু ২৪ হাজার ছুঁইছুঁই



গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৮৮ জনে।


২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৮৮৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ১২ হাজার ২১৮ জনে।


শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৮০৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন।


* নতুন ২৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে


গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ২৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকাতেই ২১৯ জন।


শনিবার রাজধানীর স্বাস্থ্য অধিদফতরের তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ২২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ঢাকায় হাসপাতালে নতুন ২১৯ জন এবং ঢাকার বাইরে নতুন ৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 


*ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৪


ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।


জানা গেছে, হালুয়াঘাটের যাত্রীবাহী ইমাম পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে ৷ আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


*যৌথ টিকা উৎপাদনে সিনোফার্মের সঙ্গে চুক্তি সোমবার


যৌথভাবে করোনাভাইরাসের টিকা উৎপাদনে চীনের সিনোফার্ম ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আগামী ১৬ আগস্ট সোমাবার একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে।


বাংলাদেশের চীনা দূতাবাস থেকে জানানো হয়, আগামী সোমবার দুপুর ৩টায় রাজধানীর মহাখালীতে অবস্থিত বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস'র মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষর হবে।


স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।


*হোমিও-ইউনানি ডিগ্রিধারীরা ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না


হোমিওপ্যাথিক ও ইউনানি চিকিৎসাশাস্ত্রে ডিগ্রিধারী কোনো ব্যক্তি নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। 


শনিবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত জারি করা রুল খারিজ করে ৭১ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেছেন। রায়ে এসব বিকল্প চিকিৎসা ব্যবস্থা নিয়ে পৃথক মন্ত্রণালয় গঠনের পরামর্শ দিয়েছেন আদালত।


*১৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ তৎপর রয়েছে পুলিশ: ডিএমপি কমিশনার


আগামীকাল ১৫ আগস্ট ঘিরে নাশকতার আশঙ্কা আমরা একেবারে উড়িয়ে দিচ্ছি না। তবে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য আমরা সর্বোচ্চ মেধা ও চেষ্টা দিয়ে তৎপর আছি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।


শনিবার বেলা সোয়া ১১টায় রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।


একই সঙ্গে করোনা মহামারির কারণে জনসাধারণকে সেলফি না তোলার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার।


*ভার্চুয়াল আদালতে ১ লাখ ৬০ হাজার ৭৬৮ আসামির জামিন


করোনা মহামারির মধ্যে চালু হওয়া ভার্চুয়াল আদালতে এখন পর্যন্ত (অধস্তন আদালত এবং ট্রাইব্যুনাল) জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৭৬৮ জন।


২০২০ সালের ১১ মে থেকে চলতি বছরের ১০ আগস্ট পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৭৬৮টি মামলায় জামিন-দরখাস্ত শুনানির পর কারামুক্ত হন তারা।


শনিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।


*ফের রিমান্ডে ডিবির সেই পাঁচ কর্মকর্তা


ফেনীতে স্বর্ণ ডাকাতির মামলায় ডিবি পুলিশের পাঁচ কর্মকর্তাকে আরো তিনদিনের রিমান্ড দিয়েছে আদালত। শনিবার ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এ আদেশ দেন।


রিমান্ডপ্রাপ্তরা হলেন- জেলা ডিবি পুলিশের এসআই মোতাহের হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক এবং সহকারী উপপরিদর্শক এএসআই অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা।


মামলার তদন্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, স্বর্ণের বার ডাকাতি মামলায় ১১ আগস্ট জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলামকে চারদিন ও বাকি পাঁচ পুলিশ সদস্যকে তিনদিনের রিমান্ড আদেশ দেন আদালত। শনিবার পাঁচ পুলিশ সদস্যের রিমান্ড শেষ হলে আদালতে আরো সাতদিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষ তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।


*স্ত্রীর ১১ দিন পর স্বামীর প্রাণও কাড়ল করোনা


চট্টগ্রামের রাউজানে করোনায় আক্রান্ত হয়ে স্ত্রীর মৃত্যুর ১১ দিন পর স্বামীও মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।


মৃত আবদুল হাকিম রাউজান পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডের হেদায়ত আলী মুন্সি বাড়ির দুদু মিয়ার ছেলে। তিনি একটি সরকারি ব্যাংকের সাবেক ডিজিএম।


*এক ওড়নায় ঝুলছিলেন স্বামী-স্ত্রী, ভাবিকে কুপ্রস্তাব দিতেন দেবর


‘আমার মেয়েকে প্রায় সময় নানাভাবে কুপ্রস্তাব দিতো দেবর আরিফ। এ নিয়ে বিভিন্ন সময় তাকে সতর্কও করা হয়েছে। আমার ধারণা তাদের পরিকল্পিতভাবে হত্যা করে এভাবে ঝুলিয়ে রেখেছে। বিকেলে মেয়ের সঙ্গে আমার মুঠোফোনে কথা হয়েছিল। মেয়েকে বেড়াতে আসতে বলেছিলাম। কয়েকদিন পর আসবে বলে জানায়। এরপর রাত হতেই শুনি এ ঘটনা। স্বামী-স্ত্রীর মধ্যে কোনো সমস্যা হলে কথা বলার সময় আমাকে জানাতো।’


এভাবেই কথাগুলো বলছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লাশ উদ্ধার করা রুমা আক্তারের বাবা জামাল উদ্দিন। এর আগে, শুক্রবার রাতে উপজেলার লালানগর ইউনিয়নের কুরমাইকুল এলাকার নিজ ঘরের একটি কক্ষ থেকে রুমা ও তার স্বামী মো. ইসকান্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত ইসকান্দর ওই এলাকার শাহ আলমের ছেলে।

Post Top Ad

Responsive Ads Here