জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭৪ রোহিঙ্গাকে আটক করেছে চট্টগ্রামের বোয়ালখালী থানা পুলিশ।
সোমবার রাতে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের বু-আলী কালন্দর শাহ মাজার গেইট এলাকার বিভিন্ন ভাড়াঘর থেকে তাদের আটক করা হয়।
বোয়ালখালী থানার এসআই সুমন কান্তি দে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত রোহিঙ্গারা কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে বোয়ালখালীর বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বোয়ালখালী থানার ওসি মো. আবদুল করিম জানান, আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্ন পাহাড়ে লেবু বাগানের মালিকরা স্বল্প মজুরিতে রোহিঙ্গাদের দীর্ঘদিন ধরে শ্রমিক হিসেবে কাজ করিয়ে আসছে। স্বল্প মজুরিতে বেশি কাজ করানো যায় দেখে মালিকরা তাদের শ্রমিক হিসেবে কাজে নিয়োগ দেয়।
এর আগে, চলতি বছরের ২৬ জুন কড়লডেঙ্গা থেকে ৩১ রোহিঙ্গাকে আটক করেছিল পুলিশ।

