*দেশে একদিনে করোনায় মৃত্যু-আক্রান্ত কমেছে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৭৮ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৬৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জনে।
*নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ১৯ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস। বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন।
বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে কিউইদের বিপক্ষে সিরিজের দল ঘোষণা করে বিসিবি। কোয়ারেন্টাইন জটিলতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলতে না পারলেও এবার যথারীতি থাকছেন মুশফিক।
এছাড়া পারিবারিক কারণে আগের সিরিজে খেলতে পারেননি লিটন দাস। সমস্যা কাটিয়ে তিনিও দলে ফিরেছেন। দীর্ঘদিন পর দলে ডাক পেয়েছেন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।
* একদিনে ২৭০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
গত ২৪ ঘণ্টায় ২৭০ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬ হাজার ৯২৫ জন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বুধবার স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩০৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৭৩ জন।
এদিকে বুধবার স্বাস্থ্য অধিদফর জানায়, চলতি বছরের শুরু থেকে ১৮ আগস্ট পর্যন্ত সারাদেশে ৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
*দুই জাপানি শিশুর দেশত্যাগে নিষেধাজ্ঞা, হাইকোর্টে হাজিরের নির্দেশ
দুই জাপানি শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে এক মাসের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তাদের আগামী ৩১ আগস্ট আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রাজধানীর গুলশান ও আদাবর থানার ওসিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
এর আগে বৃহস্পতিবার সকালে দুই কন্যা সন্তানকে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে হেবিয়ার্স রিট করেন জাপানি চিকিৎসক নাকানো এরিকো (৪৬)। রিটে দুই কন্যা সন্তানকে নিজের জিম্মায় নেয়ার নির্দেশনা চান তিনি।
*ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল আদায়ে কোরিয়ান কোম্পানি
সড়ক ও জনপথ অধিদফতরের আওতায় কোরিয়া ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সির অর্থায়নে বাস্তবায়নাধীন ‘ঢাকা-মাওয়া-ভাঙ্গা’ এক্সপ্রেসওয়ের টোল আদায় করবে কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন।
একই সঙ্গে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস) কার্যক্রম পরিচালনা এবং এক্সপ্রেসওয়ের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সার্ভিস প্রোভাইডার হিসেবে কোম্পানিটিকে নিয়োগের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সভার সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
*৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা, নদীবন্দরে সতর্ক সংকেত
দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
*ভারত থেকে ট্রেনে আসছে আরো ১৯৮ টন অক্সিজেন
ভারত থেকে ১০ দফায় ১৯৮ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) নিয়ে একটি ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন বাংলাদেশে আসছে।
বুধবার এলএমও বহনকারী ট্রেন ভারতের টাটানগর থেকে রওনা হয়েছে।
বৃহস্পতিবার এ তথ্য জানায় ঢাকার ভারতীয় হাইকমিশন।
হাইকমিশন জানায়, ভারতীয় রেলের আরো একটি অক্সিজেন এক্সপ্রেস ট্রেন ১০ দফায় ১৯৮ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) নিয়ে বাংলাদেশে আসছে। এ অক্সিজেন শ্বাসকষ্টের রোগীদের সহায়তার জন্য।
*স্ত্রীকে কবর না দিয়ে পোড়ালেন লাশ, স্বামী বললেন ‘সৎকার শেষ’
ভালোবেসে বিয়ে। তবে বিয়ের আগে স্ত্রী জানতে না স্বামীর ধর্মের কথা। ধীরে ধীরে বিষয়টি সামনে আসার পরই ২৪ বছর বয়সী তরুণীকে বিসর্জন দিতে হয় নিজের পরিবারকে। ভালোবাসার মানুষটির দিকে তাকিয়ে সবকিছুই মানিয়ে নিচ্ছিলেন। হঠাৎ একদিন স্ত্রী নিজেই হলেন লাশ। আর ধর্মীয় রীতি অনুযায়ী স্ত্রীকে কবর না দিয়ে তড়িঘড়ি লাশটি পুড়িয়ে ফেলেন স্বামী। এরপর শাশুড়িকে ফোনে জানালেন সৎকার শেষ।
ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নে। ৩ আগস্ট একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরার রণজিত দের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম ইয়াছমিন আক্তার অ্যানী। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকাররমসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন তার মা রোকসানা বেগম। চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন তিনি।
*২২ বছর ধরে যেভাবে রাজশাহীতে পালিয়ে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুখ্যাত এক সিরিয়াল কিলার
রওশন আলী ওরফে উদয় মণ্ডল ছিলেন একজন সিরিয়াল কিলার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়েও পরিচয় গোপন করে পালিয়ে ছিলেন রাজশাহীতে। ২২ বছর ধরে দাপটের সঙ্গে চলাচল করে আসছিলেন তিনি। সেখানে গিয়ে নিজের নাম-পরিচয় পরিবর্তন করে গাজীপুরের ঠিকানায় উদয় মণ্ডল নামে জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। যিনি ২০০০ সালে ২১ জুন স্কুলশিক্ষক আমজাদ হত্যা মামলার ১ নম্বর চার্জশিটভুক্ত পলাতক আসামি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাওরানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।
*আদালত চত্বরে মাটিতে লুটিয়ে পড়লেন পরীমনি
রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির ফের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
এদিন সকাল ৮টা ২৫ মিনিটের দিকে পরীমনিকে কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে আদালত আনা হয়। তখন তাকে আদালতের গারদে রাখা হয়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তাকে এজলাসে তোলার পর তার উপস্থিতিতে শুনানি শুরু হয়। এসময় আসামি পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
