জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় বিষধর সাপের কামড়ে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শৈলকুপা উপজেলার রঘুনন্দনপুর ও দক্ষিণ মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- রঘুনন্দনপুর গ্রামের আবুল হোসেন জোয়ার্দ্দারের ছেলে মোকাদ্দেস হোসেন ও দক্ষিণ মনোহরপুর গ্রামের আজগার আলির স্ত্রী রোক্সানা বেগম।
মৃত মোকাদ্দেস হোসেনের ছোট ভাই হাবিবুর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে তার ভাই প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে যান। সেখানে গোখরা সাপ তাকে কামড় দেয়। প্রথমে তাকে স্থানীয় ওঝাঁর কাছে নেয়া হয়। ওঁঝা ঝাঁড়ফুক করার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কনক জানান, তার পায়ে দুটি দংশনের চিহ্ন রয়েছে। স্থানীয় কবিরাজ দেখিয়ে রোগীকে অনেক দেরিতে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
অপরদিকে, নিত্যানন্দপুর ইউনিয়নের ইউপি সদস্য বলাই কুমার বিশ্বাস জানান, দক্ষিণ মনোহরপুর গ্রামের গৃহবধূ রোক্সানা বেগম ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে তাকে সাপে কামড় দেয়। যন্ত্রণা শুরু হলে স্বজনরা তাকেও প্রথমে গ্রাম্য ওঝাঁর কাছে নিয়ে যান। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

