পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেল জ্বালিয়ে দিলেন পাঠাও'র চালক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১

পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেল জ্বালিয়ে দিলেন পাঠাও'র চালক




সময় সংবাদ ডেস্কঃ




 রাজধানীর বাড্ডায় ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে অবশেষে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন রাইড শেয়ারিং প্লাটফর্ম ‘পাঠাও’র এক চালক।

সোমবার সকালে বাড্ডার লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ‘মামলা দেওয়ায়’ নিজের মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে প্রতিবাদ করেন শওকত আলম সোহেল নামের ওই ব্যক্তি। তিনি একজন ফ্রিল্যান্সিং সাংবাদিক বলে পুলিশের কাছে দাবি করেছেন।


ওই ভিডিওতে দেখা যায়, ওই মোটরসাইকেলের চালক মামলা সংক্রান্ত কোনো বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। পাশাপাশি তিনি নিজের মোটরসাইকেলে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও তিনি তাদের বাধা দেন।


















এ বিষয়ে বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আইন অমান্য করায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট ওই মোটরসাইকেল চালকের কাগজপত্র দেখতে চান। এর পরিপ্রেক্ষিতে তিনি ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ আগুন নেভায়।


তিনি আরো বলেন, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। আটক করার জন্য তাকে আনা হয়নি। মূলত তার ক্ষুব্ধ হওয়ার কারণ এবং তিনি কেন এমনটি করেছেন তা জানতেই থানায় আনা হয়েছে।


গুলশান ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. রবিউল ইসলাম বলেন, ঘটনাটি যেখানে ঘটেছে সেখানে যেন সকালবেলা কোনো মোটরসাইকেল না দাঁড়ায়, এমন নির্দেশনা ছিল দায়িত্বরত ট্রাফিক সদস্যদের প্রতি। 


ঘটনাস্থলে রাইড শেয়ারিংয়ের (পাঠাও) একটি মোটরসাইকেল দাঁড়ালে ট্রাফিক পুলিশের সদস্যরা চালকের কাছে কাগজপত্র দেখতে চান। কিন্তু ওই চালক কাগজপত্র না দেখিয়ে উল্টো রেগে গিয়ে নিজের বাইকে আগুন ধরিয়ে দেন।

Post Top Ad

Responsive Ads Here