জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুরে দাম্পত্য কলহের জেরে রুমা খাতুন নামে এক নববধূ আত্মহত্যা করেছেন। হাতে মেহেদির রঙ শুকানোর আগেই গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
এ ঘটনায় স্ত্রী হত্যার প্ররোচণার অভিযোগে মৃতের স্বামী টাকিন খানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
খোঁজ নিয়ে জানা যায়, চার মাস আগে সিরাজগঞ্জ নিবাসী রফিকুল ইসলামের মেয়ে রুমা খাতুনের সঙ্গে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া নয়াপাড়ার ইমান আলী খানের ছেলে টাকিন খানের সঙ্গে বিবাহ হয়। যা উভয়ের ২য় বিয়ে।
রুমার মামা দুলাল হোসেন জানান, বিয়ের পর থেকে স্বামী টাকিন খান যৌতুকের জন্য স্ত্রীকে সামাজিকভাবে হেয়পতিপন্ন করে। করে শারীরিক ও মানসিক নির্যাতন। তাদের দাম্পত্য কলহে ৪ঠা সেপ্টেম্বর টাকিন খান স্ত্রীকে মৌখিক তালাক দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। ৬ সেপ্টেম্বর টাকিন খান অনুতপ্ত হয়ে শ্বশুরবাড়ি স্ত্রীর কাছে চলে যান।
পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে সে শাখারিয়া নিজ বাড়িতে চলে আসেন। ৮ সেপ্টেম্বর তাদের মাঝে পুনরায় ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায় স্বামী টাকিন খান মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে চলে যায়।
রাতে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ পেয়ে স্ত্রীকে ডাকতে শুরু করেন। ঘরের ভেতর থেকে কোনো শব্দ না পেয়ে দরজা ভেঙে টাকিন খান গৃহে প্রবেশ করে স্ত্রীকে ফাঁসিতে ঝুলতে দেখে। পরে, বাড়ির লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালপুর থানা ওসি মো. মোশাররফ হোসেন জানান, মৃত রুমার মামা দুলাল হোসেন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে আত্মহত্যা প্ররোচণার মামলা করেছেন। পুলিশ মামলার প্রধান আসামি মৃতের স্বামী টাকিন খানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মামলার পরবর্তী কার্যক্রম আইনগতভাবে পরিচালনা করা হবে।

