জেলা প্রতিনিধিঃ
বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলে বৈরি আবহাওয়ার মধ্যে দুটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে রুহুল আমীন খান (৪৫) নামে এক জেলে মারা গেছেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লীর অদূরে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সুন্দরবন বিভাগ এতথ্য নিশ্চিত করেছে।
সুন্দরবন বিভাগ জানিয়েছে, বৈরি আবহাওয়ার মধ্যে তীরে ফেরার সময় নামবিহীন ফিশিং ট্রলার দুটি বঙ্গোপসাগরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লীর অদূরে ডুবে যায়। দুই ট্রলারে ২০ জন জেলে ছিলেন। পরে অন্য ট্রলারের জেলেরা সাগরে ভাসমান অবস্থায় জেলেদের উদ্ধার করে। ট্রলারে উঠানোর পর পরই জেলে রুহুল আমীন নামে এক জেলে মারা যান।
এসব জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটার চরদুয়ানী এলাকায়।
সুন্দরবনের দুবলা জেলে টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রহ্লাদ চন্দ্র রায় দুপুরে মুঠোফোনে জানান, প্রচণ্ড ঢেউয়ে টিকতে না পেরে নামবিহীন ফিশিং ট্রলার দুটি সুন্দরবনের দুবলার অফিস কিল্লার দিকে আসছিল। এমন সময় ট্রলার দুটি দুর্ঘটনার কবলে পড়ে। ডুবে যাওয়া দুই ট্রলারের ২০ জেলের মধ্যে একটি ট্রলারের মালিক রুহুল আমীনের মৃত্যু হয়।
ডুবে যাওয়া অপর ট্রলারের মালিক চরদুয়ানীর মৎস্য ব্যবসায়ী মো. নাছির উদ্দিন জানান, উদ্ধারকারী ট্রলারের জেলেরা মোবাইল ফোনে তাকে দুর্ঘটনার খবর জানিয়েছেন। নিহত রুহুল আমীন নিজেই একটি ট্রলারের মালিক। উদ্ধারকারীরা মৃত ও জীবিত জেলেদের চরদুয়ানী নিয়ে আসছে বলে জানান তিনি।

