সময় সংবাদ ডেস্কঃ
যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে ফিনিশ রাজধানী হেলসিংকি হয়ে গতকাল শুক্রবার রাতে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন ও অন্যান্য উচ্চ পর্যায়ের আলোচনায় যোগদানের উদ্দেশ্যে গত ১৭ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন। হেলসিংকিতে দুই দিনের যাত্রাবিরতির পর ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক পৌঁছান। নিউ ইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দেন।
তিনি ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিউ ইয়র্কে অবস্থানকালে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের ও রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন। এ ছাড়া তিনি বিভিন্ন সরকার, রাষ্ট্র ও সংগঠনের প্রধানের সঙ্গে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে বসেন।
প্রধানমন্ত্রী ২০ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর সম্মানে জাতিসংঘ সদর দপ্তরের নর্থ লনের ইউএন গার্ডেনে একটি চারাগাছ রোপণ এবং একটি বেঞ্চ উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যান। গত বুধবার তিনি ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ হাউস উদ্বোধন করেন।

