জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি বাড়ি থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। এ সময় ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
রোববার এপিবিএনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- ক্যাম্প-৮ ইস্টের সলিম উল্লাহর ছেলে মজিবুল্লাহ ও ক্যাম্প-২ ডাব্লিউর সৈয়দ কাশেমের ছেলে মোহাম্মদ শাহ।
৮ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিহাব কায়সার খান জানান, ৮ নম্বর রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ জোহার নামে এক রোহিঙ্গার ঘরে ইয়াবা মজুদ করা হয়েছে- এমন খবর পেয়ে ক্যাম্প-৯ এর সহকারী ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি মো. ফারুক আহমেদের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। ঐ সময় ক্যাম্প-৮ ইস্টের মোহাম্মদ জোহারের ঘর থেকে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা এবং আটককৃত দুই রোহিঙ্গাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
