জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার মাদলা ইউনিয়নের চাচাঁইতারা এলাকার শশ্মানঘাটে একটি গাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় লাশটি ঝুলন্ত অবস্থায় ছিল।
স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত লাশের শরীরে প্রাথমিকভাবে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার মুখে সামান্য রক্তের দাগ রয়েছে।
শাজাহানপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরবর্তীতে অবস্থা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
