লঞ্চে অগ্নিদগ্ধদের চিকিৎসার সব ব্যবস্থা করবে সরকার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২৫, ২০২১

লঞ্চে অগ্নিদগ্ধদের চিকিৎসার সব ব্যবস্থা করবে সরকার






সময় সংবাদ ডেস্কঃ



 ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ব্যক্তিদের সবধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া চিকিৎসার সব খরচ বহন করবে সরকার বলে জনিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।

শনিবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লঞ্চে অগ্নিকাণ্ড দগ্ধ রোগীদের সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নিতে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।


লোকমান হোসেন মিয়া সাংবাদিকদের বলেন, লঞ্চে আগুনে দগ্ধ হওয়া আহত ব্যক্তিদের সর্বোচ্চ চিকিৎসা সেবার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহত ব্যক্তিদের সবধরনের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। কোনো ধরনের যেন সমস্যা না হয় সেজন্য নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে। নিহত ব্যক্তিদের মরদেহ বাড়িতে পাঠানো থেকে শুরু করে সব কিছুর ব্যবস্থাও করা হবে।


তিনি বলেন, আজ সকালে তার মধ্যে হাবিব খান নামের একজন মারা গেছেন, একজন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। বর্তমানে ১৯ জনের চিকিৎসা চলছে। দুজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। ভর্তি হওয়া প্রত্যেকের শ্বাসনালি পুড়ে গেছে। আইসিইউতে থাকা একজনের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। 


তিনি আরো বলেন, লঞ্চে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। আহত ৮১ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে ১৬ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর ৪৬ জন চিকিৎসাধীন রয়েছেন।


চিকিৎসাধীন দগ্ধরা শঙ্কামুক্ত কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,পুড়ে যাওয়া রোগীদের অবস্থা নিশ্চিত করে বলা যায় না। তারা শঙ্কামুক্ত কি না, তা এতো দ্রুত বলা সম্ভব নয়।


দগ্ধ অনেককে ভর্তি করা হয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও। তাদের চিকিৎসায় এরইমধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সাত সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Post Top Ad

Responsive Ads Here