জেলা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দেহাটি গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দেবরের ঘুষিতে ভাবির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নিহত ভাবি শাহারুনের ছোট দেবর সাহেব আলীকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্র জানায়, জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি শাহপাড়ার মুন্তাজ আলীর ছেলে মোশারফের সঙ্গে তার ছোট ভাই সাহেব আলীর বাড়িতে প্রবেশের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেল সাড়ে ৩টার সময় মোশারফের স্ত্রী শাহারুন নেছা ও দেবর সাহেব আলীর বাড়ির ভেতরে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে তারা দেবর-ভাবির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় দেবর সাহেব আলী ক্ষিপ্ত হয়ে ভাবি শাহারনের বুকে ঘুষি মারেন। এতে শাহারন নেছা মারাত্মকভাবে আহত হন। পরিবারের সদস্যরা শাহারনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যান।
কেডিকে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খাসিয়ার রহমান মিঠু বলেন, নিহত শাহারন নেছা ও সাহেব আলীর মধ্যে তাদের বাড়িতে যাতায়াতের রাস্তার জমি নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।
জীবননগর থানার ওসি আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার ব্যাপারে এখনও নিয়মিত মামলা হয়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে জড়িত দেবর সাহেব আলীকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
