কুমিল্লায় বেলুন ফোলানোর সময় বিস্ফোরণ, আহত ৪১ |
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার নাঙ্গলকোটে বেলুন ফুলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এরমধ্যে গুরুতর আহত ৩৮ জনকে কুমিল্লায় রেফার করা হয়। যাদের মধ্যে ২৩ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন কুমিল্লার সিভিল সার্জন মীর মোবারক হোসেন। বাকিরা কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালসহ অন্যান্য জায়গায় চিকিৎসা নিচ্ছেন।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বিরুলিয়া গ্রামে গ্যাসের সিলিন্ডারের সঙ্গে সংযোগ করে বেলুন ওড়ানোর চেষ্টা করে এক যুবক। এ সময় বাড়ির শিশুরা আশেপাশে ভিড় জমায়। হঠাৎ সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। আহতদের অনেকের মাথা ও চোখ থেতলে গেছে। এ ঘটনায় একটি ঘর তছনছ হয়ে গেছে।
মৌকরা ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, বিরুলিয়া গ্রামের আনোয়ার নামে এক যুবক বেশ কয়েকবছর ধরে হিলিয়াম গ্যাস ভর্তি বেলুন তৈরি করে। সে বাজারের গ্যাস, নানা রকম মেডিসিন ও চুন ব্যবহার করে নিজে নিজেই গ্যাস তৈরি করে। তার ওপর সিলিন্ডারটিও ছিল বেশ পুরনো। তার বেলুন বানানোর সকল প্রক্রিয়াই ছিল বিপদজনক।
তিনি আরো জানান, যে বাড়িতে বেলুনে গ্যাস ভর্তি করা হচ্ছিল, সে বাড়িতে একশর বেশি পরিবারের বসবাস। বিস্ফোরণের সময় শিশুরা আশেপাশে খেলাধুলা করছিল। তাই তারা বেশি আহত হয়েছে।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেব দাস দেব জানান, ৪১ জন রোগী নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। হাসপাতালে আসা পর্যন্ত কেউ মারা যাননি। তবে ৩৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় রেফার করা হয়। তিনজন এখানে চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জন মীর মোবারক হোসেন জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা বেশ সঙ্কটাপন্ন।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ
