শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রতিবছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমান এবং ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও এবার নির্ধারিত সময়ে এসব পরীক্ষা হবে না। বছরের মাঝামাঝি এসএসসি-এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে। তবে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না। সীমিত পরিসরে ক্লাস চলবে।
সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
সময় সংবাদ ডেস্কঃ
শিক্ষামন্ত্রী বলেন, এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সময়মতো হবে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। কতগুলো বিষয়ের পরীক্ষা নেয়া হবে, পরিস্থিতি বুঝে সেই সিদ্ধান্ত নেয়া হবে। হয়তো বছরের মাঝামাঝি গিয়ে পরীক্ষা নিতে পারব। এখনই তারিখ দেওয়া সম্ভব নয়। আমরা পর্যবেক্ষণ করতে থাকব। পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি হলে পরীক্ষা হবে। দু-তিন মাস আগে হয়তো পরীক্ষার তারিখ বলতে পারব। পরিস্থিতি অনুকূলে না থাকলে তারিখ পেছাবে।
উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা না দিয়ে অষ্টমের সমাপনী ও এসএসসির ফলাফলের ভিত্তিতে এবং সংক্ষিপ্ত সিলেবাসে গত বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে ফল ঘোষণা করা হয়।
