রেলসেতু থেকে লাফ দিল তরুণ - তরুণী |
ফরিদপুর প্রতিনিধি:
রেল সেতুর ওপর একান্তে বসে গল্প করছিলেন দুজন। ট্রেনের হুইসেল পৌঁছয়নি তাদের কানে। ট্রেন কাছাকাছি আসতেই হুঁশ ফেরে। কোনো উপায় না দেখে ওই সেতু থেকে লাফ দেন দুজনই। সেতুর নিচে পড়ে গুরুতর আহত হন তারা। দুজনকেই আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রবিবার বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেল সেতুতে এ ঘটনা ঘটে।
তরুণের ডান হাত ভেঙে গেছে। তরুণীর ভেঙেছে কোমরের হাড়।
জানা যায়, দুজন যখন কালিকাপুর রেল ব্রিজে বসে গল্প করছিলেন- জেলার কালুখালী রেলস্টেশন থেকে কুষ্টিয়াগামী একটি ট্রেন ব্রিজে উঠতে শুরু করে। আতঙ্কিত হয়ে দুজন নিচে ঝাঁপ দেন।
স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আকাশ জানান, সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে তরুণী আশঙ্কামুক্ত নন।
পাংশা থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
