| ছেলের সামনে বাবাকে হত্যা |
জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামে আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমানকে গুলি করে হত্যার প্রত্যক্ষদর্শী এইচএসসি পরীক্ষার্থী মোহাম্মদ মুজাহিদ। সে নিহতের ছোট ছেলে। কিভাবে তার বাবাকে হত্যা করা হয়েছে তা জানিয়েছে সে।
ঘটনার বর্ণনা দিয়ে মুজাহিদ বলে, আমার কাকুরা (চাচা) বাড়ির সামনের মাঠে ঘাস কাটছিল। ওরা (প্রতিপক্ষ) কাকুদের মারে। ঐ সময় পাশেই আমার আব্বু ক্ষেতে কাজ করছিলেন। কাকুদের মারার খবর শুনে আমি আব্বুর কাছে যাই। আমার চোখের সামনেই আব্বুকে গুলি করল ওরা। ওরা ২০-২৫ জন ছিল। সবার হাতেই অস্ত্র ছিল।
নিহত সিদ্দিকুর রহমান ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাঁদগ্রাম মধ্যপাড়ার ওমর আলী মণ্ডলের ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। শুক্রবার সকালে নিজ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ঐ ঘটনায় আরো চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন- নিহতের তিন ভাই ইউনুচ আলী মণ্ডল, খালেক মণ্ডল, বাদশা মণ্ডল ও ভাতিজা কুব্বাত আলী। তাদের মধ্যে বাদশার অবস্থা গুরুতর। গুলি করার পাশাপাশি তার পায়ে কোপানো হয়েছে। আহত বাদশা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং বাকিরা ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান বলেন, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ গুলি করে হত্যা করেছে চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মণ্ডলকে। এ ঘটনায় এখনো মামলা না হওয়ায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ঘাতকদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।
