আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী,কোম্পানীগঞ্জে সাতটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টায় উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় লাল রঙের টেপ মোড়ানো অবস্থায় ৭ পিচ ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। ধারণা করা হচ্ছে, ইউপি নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে এসব ককটেল পরিত্যক্ত স্থানে রেখেছে দুষ্কৃতিকারীরা।
এই বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, পুলিশ মুছাপুর ডিউটি করার সময় জেলেপাড়া আবদুল ছাত্তারের দোকানের পাশে পরিত্যক্ত অবস্থায় সাতটি ককটেল উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাজ্জাদ রোমন বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য ককটেলগুলো রাখা হয়েছিল। তবে কে বা কারা তা ফেলে গেছে সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার ১০টি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ চেকপোস্ট থাকায় দুষ্কৃতকারীরা ককটেল রেখে পালিয়ে গেছে।
উল্লেখ,আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোম্পানীগঞ্জের ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।। এতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় নির্বাচনে জোরালো প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হয়েছে।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ
