![]() |
| আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের- ফাইল ফটো |
নিজস্ব প্রতিবেদকঃ
যেকোনো মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার রাজধানীর বনানী বিআরটিএর প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।
এ সময় বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেতুমন্ত্রী বলেন, বিআরটিএতে কোনো কর্মকর্তার জরুরি বদলির ক্ষেত্রে নিয়মের মধ্যেই তা করা হবে। তবে কোনো রাজনৈতিক তদবির কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। সঠিক নিয়ম অনুযায়ী কাজ করতে হবে।
তিনি বলেন, সরকার অনেক উন্নয়নমূলক কাজ করছে। কিছু কাজ শেষ হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন দৃশ্যমান। উন্নয়নের এই পথ ধরে আজ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। তাই আমরা যদি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমাদের উত্থানের সুফল পাওয়া যাবে না।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, যতই উন্নয়ন করা হোক না কেন, সড়কে শৃঙ্খলা না থাকলে কোনো লাভ হবে না। তাই যেকোনো মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। বিআরটিএকে যেকোনো মূল্যে দালাল দৌরাত্ম্য নির্মূল করতে হবে। বিআরটিএর কোনো কর্মকর্তা দালালের সঙ্গে যোগসাজশের প্রমাণ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অপেক্ষমাণ গ্রাহকদের লাইসেন্স প্রদান আগামী ৪ মাসের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, অপেক্ষমাণ গ্রাহকদের লাইসেন্স প্রদান করতে হবে। এ জন্য সংশ্লিষ্টদের কাজ এগিয়ে নিতে হবে।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

